গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৭ জুলাই:
এবারে পঞ্চায়েত নির্বাচনে অভিনব লড়াই আরামবাগে।আলাদা তিন দলের প্রার্থী হয়েছেন একই পরিবারের তিন জন। আরামবাগের সালেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ছ’ নম্বর সংসদ লালুরচক। ওই এলাকায় ৬ নম্বর সংসদে এবারে পঞ্চায়েতের একই পরিবারের তিনজন প্রার্থীর সাথে পঞ্চায়েত নির্বাচনে লড়াই হতে চলেছে। বাবা সুফল চানক তৃণমূলের প্রার্থী হয়েছেন। তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তার ছেলে প্রফুল্ল চানক বিজেপির প্রার্থী। এছাড়া ওই সংসদে সুফলবাবুর ভাই সুকুমার চানক সিপিআই থেকে প্রার্থী হয়েছেন।
সুফলবাবু ২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন। কিন্তু প্রফুল্লবাবু এবং
সুকুমারবাবু এই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। জানাগেছে, সুফলবাবু জন্মলগ্ন থেকে তৃণমূল করে আসছেন। অন্যদিকে তার ছেলে প্রফুল্লবাবু ১৯৯৩ সাল থেকে বিজেপি করেন। সুফল বাবুর ভাই ১৯৯৩ সাল থেকে সিপিআই- এর কর্মী। একই পরিবারের তিনজনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এলাকার মানুষের কৌতূহলী। এখন দেখার জনগণ কাকে এলাকায় প্রতিনিধি হিসেবে পঞ্চায়েতে যাওয়ার ছাড়পত্র দেয়। তবে তিনজনই জেতার ব্যাপারে আশাবাদী।

