আমাদের ভারত, ৭ জুলাই: পঞ্চায়েত ভোটের দিন বঙ্গ বিজেপির তরফে কল সেন্টার চালু থাকবে। সেখানে দলের কর্মীরা সরাসরি সব অভিযোগ জানাতে পারবে। এরপর সেই অভিযোগ দলের তরফে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্যপালে পিস রুমে জানানো হবে বলে সাংবাদিক বৈঠক থেকে জানিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি দলের কর্মীদের কোমর বেঁধে বুথে লড়াই করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আশ্বাস দিয়েছেন যে কোনো পরিস্থিতিতে বিজেপির সর্বোচ্চ নেতা ও কর্মীদের পাশে দাঁড়াবেন।
বিজেপির রাজ্য সভাপতি বলেন, “আমরা দলের নেতারা নিয়ম মেনে নিজেদের জায়গাতেই থাকবো, কিন্তু যদি দেখি পুলিশ সন্ত্রাস রুখতে ব্যর্থ হচ্ছে, আমরা আমাদের সব নেতাদের বলেছি আক্রান্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে। তারা ফিল্ডে যেতে বাধ্য হবে। তখন পুলিশকে আমাদের আবার রাস্তা আটকানোর কাজে লাগতে হবে। আমরা চাই না সেটা হোক।” তিনি জানান, “আমরা রাজ্যে একটি কল সেন্টারের ব্যবস্থা রাখছি। সেখানে গোটা রাজ্য থেকে অভিযোগ জানানোর ব্যবস্থা থাকবে। সেই অভিযোগ আমরা রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্যপালের পিস রুমে পৌঁছে দেব।” একই সঙ্গে দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন, “দলের কর্মীরা লড়াই করবে কোমর বেঁধে। আপনারা লড়াই করুন। আপনাদের পাশে ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব রয়েছে। তাদের বলিদান বৃথা যাবে না। পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই বলিদানকে আমরা ব্যর্থ হতে দেব না।”
অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গতিবিধির ওপর নিয়ন্ত্রণ করার পক্ষেই রায় দিয়েছে আদালত। ভোটের দিন তাকে তার এলাকায় থাকার নির্দেশ দিয়েছে আদালত। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন,
“আদালতের রায় আমাদের মেনে চলতে হবে। কিন্তু এই স্ট্যান্ড যেন সবার ক্ষেত্রে সমান থাকে। তৃণমূল কংগ্রেসের নেতারা দাপিয়ে বেড়াবে এবং বিজেপি নেতাদের এক জায়গায় আটকে রাখা হবে এটা আমরা মানবো না, তাহলে আমরাও পদক্ষেপ নেব।”

