আমাদের ভারত, জলপাইগুড়ি, ৭ জুলাই: ভোটের কয়েকঘণ্টা আগে ভোটারদের প্রভাবিত করতে মশারি বিলির অভিযোগ উঠল জলপাইগুড়ির রাজগঞ্জের বিজেপির পঞ্চায়েত সমিতি’র প্রার্থী সহ কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে এই ঘটনায় দু’জন বিজেপি কর্মীকে আটক করল রাজগঞ্জ থানার পুলিশ। শুক্রবার রাতে রাজগঞ্জের শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটেছে।
অভিযোগ, এ দিন সন্ধে থেকে এলাকার পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী তপন রায়ের উপস্থিতিতে বিজেপি কর্মীরা মশারি বিলি করছিলেন ভোটারদের। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দু’জন বিজেপি কর্মীকে আটক করে। তাদের কাছ থেকে বেশ কিছু মশারি বাজেয়াপ্ত করে পুলিশ।
এদিকে প্রার্থী তপন পলাতক বলে দাবি পুলিশের। তার খোঁজ চলছে। পুলিশ সুপার উমেশ খান্ডবহালে বলেন, “অভিযোগ পেয়ে দু’জন বিজেপি কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।”

