সাথী দাস, পুরুলিয়া, ৯ এপ্রিল: করোনার প্রভাবে আদ্রা ডিভিশনের প্যাসেঞ্জার ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়বে না। এমনটাই আজ আশ্বাস দিল দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশন কর্তৃপক্ষ।

গত এক সপ্তাহ ধরে করোনার প্রভাব বাড়ছে এই রাজ্য সহ সারা দেশে। রাজ্যের পুরুলিয়া জেলাতেও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। এই অবস্থায় রেল পরিষেবা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে রেল যাত্রীদের মধ্যে। আবার ট্রেন বন্ধ হয়ে যেতে পারে বলে গুজবও ছড়িয়ে পড়ে। এই গুজবের বিরুদ্ধেই সরব হল আদ্রা ডিভিশন। করোনা কালে আদ্রা ডিভিশনের প্যাসেঞ্জার ট্রেন চলাচলে তার কোনও প্রভাব আপাতত পড়ছে না বলে আজ জানিয়েছেন আদ্রার ডিআরএম নবীন কুমার। তিনি বলেন, “যে ট্রেনগুলি চালু রয়েছে তা যথারীতি চলবে। তবে কঠোরভাবে কোভিড বিধি মেনে চলতে হবে।” বন্ধ থাকা কয়েকটি প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস ট্রেন চালানোর জন্য রেল বোর্ডের সবুজ সঙ্কেতের অপেক্ষায় রয়েছে আদ্রা ডিভিশন কর্তৃপক্ষ। এই তথ্য জানিয়ে নবীন কুমার বলেন, আদ্রা ডিভিশনে বাকি উন্নয়ন মূলক কাজগুলি যথারীতি চলছে।

ইতিমধ্যেই রেলের স্বাস্থ্য বিভাগের কর্মচারি এবং আধিকারিকদের টিকাকরণ করা হয়েছে। ৪৫ বছরের উর্ধ্বে থাকা কর্মীদের টিকাকরণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে আজ জানান ডি আর এম।

