পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৯ এপ্রিল: রাতের অন্ধকারে কয়েক মিনিটের ঘূর্ণি ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল কুমারগঞ্জ ব্লক। ঝড়ে ভেঙ্গে পড়লো ইন্দিরা আবাস যোজনার ঘর, দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল আদিবাসী বৃদ্ধার। ঘটনায় আহত বৃদ্ধ স্বামী সহ তার পরিবারের ছয় সদস্য। বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ভোওর গ্রাম পঞ্চায়েতের খাসপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম ম্যালচো সরেন (৬০)। তার স্বামী রবি মার্ডি স্থানীয় বরাহার হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি এই ঘটনায় অন্ধ মেয়ে সহ মোট ছয় জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, গতকাল প্রায় দশটা থেকে গোটা দক্ষিন দিনাজপুর জেলা জুড়ে শুরু হয় ঝড় ও বৃষ্টি। তারই মাঝে কয়েক মিনিটের প্রবল ঘুর্নিঝড় আছড়ে পড়ে গোটা কুমারগঞ্জ ও বালুরঘাট ব্লকের বেশকিছু অঞ্চলে। রাতেই প্রবল ঝড়ে কুমারগঞ্জের ভোওর ও রামকৃষ্ণপুরের বিস্তীর্ণ অঞ্চলের কয়েক হাজার মানুষের ঘরের চাল উড়ে যায়। ভেঙ্গে যায় বহু ঘরবাড়ি। তীব্র ঝড়ের দাপটে বড় বড় গাছ ও ইলেকট্রিক পোল ভেঙ্গে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কুমারগঞ্জের। একইসাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে অন্ধকার আচ্ছন্ন হয়ে পড়ে সমগ্র এলাকা। যার কারনে একপ্রকার খোলা আকাশের নীচেই রাত কাটাতে হয়েছে ওই ব্লকেরই কয়েক হাজার বাসিন্দাদের।

এদিকে বালুরঘাট ব্লকের গোপালবাটি পঞ্চায়েতের বেশকিছু এলাকায় ঝড়ের প্রভাব লক্ষ্য করা গিয়েছে। গাছপালা ভেঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সে এলাকাতেও। ভোটের মুখে এহেন দুর্যোগে প্রশাসনের সেভাবে দেখা না মিললেও রাজনৈতিক ফায়দা লুটতে সকাল থেকেই মাঠে নেমে পড়েছে প্রায় সমস্ত রাজনৈতিক দল। তৃণমূল- বিজেপি সহ সমস্ত রাজনৈতিক দলের নেতারাই ওই অসহায় পরিবারের সাথে দেখা করতে ছুটে গিয়েছেন হাসপাতালে। এলাকায় গিয়ে গ্রামবাসীদের সাথে ও মৃতার পরিবারের সাথে দেখা করে তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন বালুরঘাটের সাংসদও।

সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, নির্বাচনি বিধিনিষেধের কারনে পরিবারগুলিকে তারা কোনও সাহায্য করতে পারছেন না। তবে অসহায় পরিবারগুলির পাশে থাকবেন এবং বিভিন্ন সামাজিক সংস্থাগুলি যেন এই পরিবারগুলির পাশে দাঁড়ায় সেই আবেদন রাখেন তিনি।
তৃণমূলের তরফে জেলা চেয়ারম্যান বিপ্লব মিত্র জানিয়েছেন, কুমারগঞ্জ ব্লকে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। নির্বাচনি বিধি মেনে সকলের পাশে থাকার চেষ্টা করবেন।
সজনী কিস্কু ও কালীনাথ মার্ডিরা বলেন, ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে কুমারগঞ্জ ব্লক। ঘরবাড়ি ভেঙ্গে একজনের মৃত্যুও হয়েছে। মাথার উপরের চাল হারিয়ে তাঁরা এখন চরম দুশ্চিন্তায়। প্রশাসন যাতে তাদের সাহায্যে এগিয়ে আসে সেই দাবিই জানিয়েছেন প্রত্যেকেই।
দক্ষিন দিনাজপুরের জেলাশাসক সি মুরগান জানিয়েছেন, ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পেয়ে ব্লকের আধিকারিকদের মাঠে নামানো হয়েছে। দেওয়া হচ্ছে ত্রিপল ও চাল। আগামীকাল কুমারগঞ্জ পরিদর্শনে যাবেন তিনি।

