ভোটের মুখে রায়গঞ্জে দল ছাড়লেন বিজেপি ওবিসি মোর্চার জেলা সহ সভাপতি মদন বিশ্বাস

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৯ এপ্রিল: ভোটের মুখে দল ছাড়লেন বিজেপি ওবিসি মোর্চার জেলা সহ সভাপতি মদন বিশ্বাস এবং হিন্দুস্থান পিউপলস পার্টির রাজ্য সম্পাদক হরিচরণ দাস তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। আজ তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ ব্লক সভাপতি মানস ঘোষ। মদনবাবুকে বিজেপি রায়গঞ্জ কেন্দ্রে প্রার্থী না করায় দলের প্রতি চরম বিষোদ্গার করেছিলেন। দলের প্রতি বিদ্রোহ করে তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও রায়গঞ্জ নির্বাচন দপ্তর তার মনোনয়ন পত্র বাতিল করে দেয়। অসহায় মদনবাবু অবশেষে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।

তৃণমূল কংগ্রেসের জেলা নেতা অরিন্দম সরকার জানান, দুই দলের সমস্ত কর্মী সমর্থকদের নিয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। মদনবাবুরা দলে আসায় রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান আরও বৃদ্ধি পেল।

দলত্যাগী বিজেপি নেতা মদন বিশ্বাস জানান, বিজেপি বড় লোকের দলে পরিণত হয়েছে। এই দলে গরিবদের কোনও স্থান নেই। তৃণমূল কংগ্রেস গরিবদের দল। সেই দলের নেত্রীর হয়ে কাজ করার সুযোগ পেয়ে তিনি খুশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *