যতক্ষণ কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করবে ততক্ষণ বলব, কমিশনের নোটিশের পরেও অনড় মমতা

আমাদের ভারত, ৯ এপ্রিল:মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে মন্তব্যের জেরেই এবার নোটিশ পাঠানো হয়েছে কমিশনের তরফ থেকে। কিন্তু কমিশনের পাঠানো এই নোটিশটিকে যে তিনি গুরুত্ব দিচ্ছেন না তা স্পষ্ট বুঝিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। তার কথায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে ততক্ষণ বলবো যতক্ষণ তারা বিজেপি করবে। তার অভিযোগ অমিত শাহের নির্দেশেই সিআরপিএফ কাজ করছে।

সাম্প্রদায়িক ইস্যুতে ভোট ভাগাভাগি অভিযোগের ভিত্তিতে প্রথম নোটিশ গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এরপর আবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্তব্যের জেরে আদর্শ আচরণ বিধি লংঘনের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয় বার নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।

যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন। আজ পূর্ব বর্ধমানের জামালপুরের সভায় মমতা বলেন, “প্রধানমন্ত্রী এত উল্টোপাল্টা কথা বলেন অথচ বিধি ভঙ্গ হয় না। প্রতিদিন নির্বাচনের প্রচার করেন। নির্বাচনের দিনেও করেন। যেটা আমরাও করি না। তিনি পরীক্ষা পে চর্চা করছেন। বাংলার বাইরে করুন বাংলায় কেন?তখন কি বিধি ভঙ্গ হয় না? মমতা বন্দ্যোপাধ্যায় খালি জনগণের কাছে বক্তৃতা দিলেই বিধি ভঙ্গ হয়?” অর্থাৎ নিজের মন্তব্যে অনড় থাকার কথা স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী।

মমতা বলেন, আমি জনগণের সঙ্গে ছিলাম, আছি,থাকব। এটাই আমি উত্তর দিয়েও জানাবো। আমার এতে কিছু আসে যায় না। আমাকে আপনারা আগের বারের মতো শোকজ করেছেন, কিসের জন্য? ভোটের আগের দিন প্রচার পর্যন্ত করতে দেননি। তৃণমূলের ওপর অত্যাচার অবিচার চলছে। ” তার দাবি তৃণমূল কংগ্রেসকে কোনভাবেই খতম করতে পারবেন না।কারণ তৃণমূলের সঙ্গে মানুষ আছে।

মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে বরাবরই প্রশ্ন তুলে এসেছে। কমিশনের উদ্দ্যেশ্যে তৃণমূল নেত্রী প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “প্রতিদিন বিজেপি যা বলছে তাই করছে। বিজেপি কে? আপনাদের কে? আপনারা তিনটে লোক মিলে যা ইচ্ছে তাই করবেন? সিআরপিএফ সিআইএসএফ নিয়ে ততক্ষণ বলব ততক্ষণ তারা বিজেপি করবে। তারা বিজেপি না করলে আমি স্যালুট করব। মনে রাখবেন জাওয়ানদের সম্মান করি কিন্তু অমিত শাহের নির্দেশে এরা কাজ করছে। অমিত শাহকে সম্মান করি না।”

প্রসঙ্গত উল্লেখ্য কোচবিহারের জনসভায় মমতা বলেছিলেন, সিআরপিএফ যদি গন্ডগোল করে ওদের ঘেরাও করে রাখবেন। শুধু ঘেরাও করলে ভোট দেওয়া যাবে না। পাঁচজন ঘেরাও করবেন আর পাঁচ জন ভোট দেবেন।” এই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল সুপ্রিমোকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *