পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৯ এপ্রিল: রাজনৈতিক দিক দূরে সরিয়ে সামাজিক দায়বদ্ধতা নিয়ে রাতভর ক্ষতিগ্রস্থ কুমারগঞ্জ ব্লক চষে বেড়ালেন বিজেপি প্রার্থী মানস সরকার। রাস্তায় পড়ে থাকা গাছ কেটে সরাবার পাশাপাশি দেওয়াল চাপা পড়ে গুরুতর আহতদেরও রাতজেগে দেখভাল করলেন হাসপাতালে। শুক্রবার রাতভর বিজেপি প্রার্থীর এমন কর্মকান্ডে অবাক হয়েছেন অনেকেই। যদিও এই বিষয়টিকে রাজনীতির বাইরেই রাখতে চেয়েছেন কুমারগঞ্জের বিজেপি প্রার্থী মানস সরকার।
মানস বাবু জানিয়েছেন, মানুষ মানুষের জন্যই। কুমারগঞ্জের মানুষের জন্য তিনি শুধু রাজনীতি না অন্য সময় যে কোনও বিপদেই পাশে দাঁড়ান। মানুষের বিপদে আপদে তিনি সব সময় থাকবেন। এদিন প্রশাসনকে এলাকায় দেখা যায়নি। তাই রাজনীতির উর্ধ্বে গিয়ে সামাজিক দায়বদ্ধতা থেকেই এমন কাজ করেছেন।

বৃহস্পতিবার রাতে কয়েক মিনিটের ঘূর্নিঝড়ে তছনছ হয়ে যায় গোটা কুমারগঞ্জ ব্লক। অধিকাংশ মানুষের বাড়ির চাল উড়ে যায়, ভেঙ্গে যায় বহু ঘরবাড়িও। শুধু তাই নয়, গাছপালা ভেঙ্গে, ইলেকট্রিকের পোল পড়ে, বিদ্যুতের তার ছিঁড়ে রাতেই যোগাযোগ বিচ্ছিন্ন হয় সমগ্র এলাকায়। হাসপাতাল থেকে পুলিশ স্টেশন সর্বত্র যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় গাছ ও ইলেকট্রিকের খুঁটি উপড়ে। নির্বাচনী প্রচার সেরে ফেরবার সময় ঝড়ের কবলে পড়েন এলাকার বিজেপি প্রার্থীও। গাছের ডাল পড়ে ক্ষতিগ্রস্ত হয় তার প্রচারের গাড়িও। কিন্তু সেসব উপেক্ষা করে মানসবাবু তার দলবল নিয়ে রাতেই ঝাঁপিয়ে পড়েন দুর্দশাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে। ভেঙ্গে পড়া গাছ নিজে হাতে কেটে রাস্তা পরিস্কার করেন অনেক জায়গায়। একই সাথে তিনি তার দলবল নিয়ে বিভিন্ন এলাকায় গাছের গুঁড়ি সরিয়ে রোগী ও পথচারীদের যাবার রাস্তা করে দিয়েছেন। এখানেই শেষ নয়, দেওয়াল চাপা পড়ে আহতদের হাসপাতালে ভর্তির পাশাপাশি রাতভর তাদের সেবা শ্রুশ্রুষারও ব্যবস্থা করেন বিজেপির এই প্রার্থী। দুর্যোগ উপেক্ষা করে রাতভর তার এমন কান্ড অনেককেই ওইদিন অবাক করেছে। যদিও এই বিষয়টিকে রাজনীতির বাইরেই রাখতে চেয়েছেন তিনি।


