স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৯ এপ্রিল: নেই নিকাশি ব্যবস্থা, রাস্তাও সম্পূর্ণ ভাঙ্গাচোরা, একটু বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা। উদাসীন পুর প্রশাসন। এরই প্রতিবাদে “নো রোড নো ভোট” এই পোস্টার লাগিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। রায়গঞ্জ পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের দেবীনগর এলাকার ঘটনা।
ভোটের প্রাক মুহূর্তে পুর এলাকায় রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক দিয়ে স্থানীয় বাসিন্দাদের পথ অবরোধ আন্দোলনে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকায়। বাসিন্দাদের দাবি রাস্তা সংস্কার না হলে তাঁরা আসন্ন বিধানসভা ভোট বয়কট করবেন।
রায়গঞ্জ শহরের দেবীনগর পোস্ট অফিস মোড় থেকে অতি গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ শ্যামপুর, গৌরী সহ বিভিন্ন গ্রাম থেকে রায়গঞ্জ শহরে যাতায়াত করেন। এই পথেই রয়েছে দুটি হাইস্কুল সহ বাজার হাট। নিকাশি ব্যবস্থা না থাকায় এবং বেহাল ভাঙ্গাচোরা রাস্তার কারনে অল্প বৃষ্টিতেই এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বৃহস্পতিবার রাতে সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে ওই রাস্তাটি। ফলে চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় দুবছর ধরে বেহাল এই রাস্তার সংস্কার করা হয়নি। স্থানীয় কাউন্সিলর থেকে পুরসভার চেয়ারম্যান সকলেই এসে পরিস্থিতি দেখে গিয়ে রাস্তা মেরামত ও নিকাশি ব্যবস্থা করার আশ্বাস দিয়ে গেলেও আজও তা হয়নি। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে ওই রাস্তার উপর দিয়ে চলাচলকারী সাধারন মানুষ। ভোটের আগেই রাস্তা সংস্কারের দাবিতে এবং পুর প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুলে “নো রোড নো ভোট ” স্লোগান লিখে পথ অবরোধ আন্দোলনে নামলেন রায়গঞ্জ পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের দেবীনগর এলাকার বাসিন্দারা।

রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, তৃণমূলের সরকারের আমলে কোথাও কোনও উন্নয়ন হয়নি। একবার মানুষ বিজেপিকে ভোট দিয়ে রাজ্যের সরকার গড়ার সুযোগ দিলেই এলাকার উন্নয়ন ও বিকাশ ঘটবে। স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর প্রসেনজিৎ সরকার জানিয়েছেন, ওই রাস্তাটি গ্রামপঞ্চায়েতের। তবুও পুরসভা থেকে ওই রাস্তাটি সম্প্রসারণ করে নিকাশি ব্যাবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রায়গঞ্জ পুরসভা। এই মুহূর্তে এলাকায় পথ অবরোধ এবং ভোট বয়কটের ডাক কোনও একটি রাজনৈতিক দলের ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন তিনি।

