রাজেন রায়, কলকাতা, ৩০ ডিসেম্বর: দেশজুড়ে উৎসবের মরসুমে বিপুল হারে বাড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই একাধিক বিধিনিষেধ আবার ঘোষণা করেছে বেশ কয়েকটি রাজ্য। রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে নির্দেশ দিয়ে জানানো হল, স্কুলে কোনও পড়ুয়া বা শিক্ষক-শিক্ষিকা করোনা আক্রান্ত হলে স্কুল বন্ধ করার প্রয়োজন নেই। পাশাপাশি, করোনার উপসর্গ দেখা গেলে কী করা উচিৎ, সে ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা দফতরের তরফ থেকে জেলাগুলির পর্যবেক্ষকদের বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে।
বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রয়োজনে আবারও স্কুল বন্ধ করা হতে পারে। তৃতীয় ঢেউয়ের আশঙ্কা প্রকাশ করে তিনি শিক্ষা সচিবকে পরিস্থিতির ওপর নজর রাখতে বলেছেন। তবে রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে নির্দেশিকায় বলা হয়েছে, কারও যদি জ্বর, সর্দির মতো করোনার উপসর্গ দেখা দেয়, তাহলে স্কুল কর্তৃপক্ষকে তা ওপর মহলে জানাতে হবে। তাঁকে করোনা পরীক্ষা করাতে হবে ও স্কুলে আসা চলবে না। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে, তবেই স্কুলে আসতে পারবেন তিনি।
কেউ যদি করোনা আক্রান্ত হন, তাহলে তাঁকে যথাযথ চিকিৎসা করিয়ে নেগেটিভ আসার পর স্কুলে আসতে হবে। চিকিৎসকের পরামর্শ নিয়েই স্কুলে আসতে পারবেন তিনি। এ ছাড়া আক্রান্তের খোঁজ মিললে নিয়ম মেনে স্কুলঘর, আসবাব সব স্যানিটাইজ করতে হবে। সতর্ক থাকলেও প্রথমেই আতঙ্কিত না হওয়ার পরামর্শ রাজ্যের।

