সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,
৩০ ডিসেম্বর: একই রাতে পরপর পাঁচটি বাড়ি ও একটি দোকানে লুট করে চম্পট দিল একদল দুষ্কৃতী। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের মাগুরকোনা গ্রামের বিভিন্ন পাড়ায়। বুধবার রাতে ৫ টি বাড়িতে কারও গ্রিল কারও বা ঘরের দরজার তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছে বাসিন্দারা। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌছায় বাগদা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, এদিন রাতে মাগুরকোনা গ্রামের বিভিন্ন পাড়া থেকে পাঁচটি বাড়ি থেকে চুরি করে দুষ্কৃতীরা। চুরি যাওয়া বাড়িগুলিতে কেউ ছিল না। স্থানীয়রা পঞ্চায়েত উপ-প্রধান মিলন বালা বলেন, এদিন রাতে এই সব বাড়িতে কেউ থাকবে না এমন খোঁজখবর নিয়ে তবেই দুষ্কৃতীরা চুরি করেছে। প্রতিবেশীরা জানান, কেউ কাজের সূত্রে বাইরে থাকে, কেউ বা রাতে কোনও অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল সেই সব বাড়ি থেকেই চুরি হয়েছে। বৃহস্পতিবার সকালে যে সমস্ত বাড়িতে চুরি হয়েছে তার পার্শ্ববর্তী বাসিন্দারা বাড়ির তালা ভাঙ্গা অবস্থায় দেখে। এরপর তারা স্থানীয় পঞ্চায়েত সদস্যের বাড়িতে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে।

পুলিশ জানিয়েছে, মহাদেব রায়, অনুপ শিকদার, তাপস বৈদ্য, কার্তিক মণ্ডল, পরেশ ঢালীর বাড়ি ও লিটু মন্ডলের দোকানে চুরি হয়েছে। বাড়ির তালা ভেঙ্গে ঘরে থাকা শোকেস ভাঙ্গা হয়েছে একাধিক বাড়িতে। ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে ঘরের জিনিসপত্র। পাঁচটি বাড়িতে চুরি হয়েছে সেই বাড়িগুলিতে গতকাল রাতে কোনও বাসিন্দা ছিল না। এলইডি টিভি, হোম থিয়েটার, নগদ টাকা ও আপেলের পেটি নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীর দল। বাগদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরি যাওয়া বাড়ি পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

