রাজেন রায়, কলকাতা, ৩০ ডিসেম্বর: আন্তর্জাতিক বিমান পরিষেবায় ফের কড়া নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। আপাতত কলকাতায় নামবে না কোনও ব্রিটেনের বিমান। এই মুহূর্তে ব্রিটেনে ব্যাপক ভাবে করোনার নয়া এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। প্রায় এক লক্ষ করে মানুষ দৈনিক সেখানে করোনাতে আক্রান্ত হচ্ছেন। আর এই অবস্থায় ব্রিটেনের কোনও বিমান কলকাতায় নামার উপর সম্পূর্ণ ভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে আগামী তিন তারিখ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হতে চলেছে।
ইতিমধ্যে রাজ্যের তরফে মুখ্যসচিব কেন্দ্রের অসামরিক বিমান পরিবহনমন্ত্রককে এই বিষয়ে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। অন্যদিকে অন্যান্য দেশগুলি থেকে বিমান কলকাতায় নামলেও প্রত্যেকটি যাত্রীকেই করোনা পরীক্ষা করাতে হবে। আর তা করাতে হবে যাত্রীর টাকাতেই। তা স্পষ্ট করে দেওয়া হয়েছে রাজ্যের তরফে। করোনা পজিটিভ আসলে সঙ্গে সঙ্গে আইসোলেশনে থাকার কথা বলা হয়েছে। এছাড়াও স্বাস্থ্য দফতরের তরফে একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে বৃহস্পতিবার বাইরে থেকে আসা বিমানগুলি থেকে সবথেকে বেশি ওমিক্রন ছড়াচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিটেন থেকে বেশি ওমিক্রন আক্রান্ত এ দেশে আসছে বলেও মন্তব্য তাঁর। ফলে এই বিষয়ে কেন্দ্রের দেখা উচিত্ বলে মন্তব্য করেন তিনি। জানা যাচ্ছে, এরপরেই রাজ্যের তরফেও বিষয়টি দেখা হয়। আর এরপরেই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়।

