রাজেন রায়, কলকাতা, ৩০ ডিসেম্বর: বছর শেষের আনন্দে যেভাবে মেতে উঠেছে রাজ্যবাসী তাতে আশঙ্কার বাস্তবায়নই স্বাভাবিক। অবশেষে কলকাতায় করোনার গোষ্ঠী সংক্রমণের আশঙ্কাই সত্যি, জানাল স্বাস্থ্য দপ্তর। রাজ্যে স্বাস্থ্য আধিকারিকরা কলকাতায় সংক্রমণের হারের বিষয়ে সমীক্ষা চালিয়েছিলেন। তাতে যা তথ্য সামনে উঠে এসেছে তা অত্যন্ত ভয়াবহ হতে চলেছে বলে জানান তাঁরা।
বড়দিন পালনের পর থেকেই কলকাতায় লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণের হার। কার্যত গোষ্ঠী সংক্রমণের ফলস্বরূপ এটি হচ্ছে বলে জানায় স্বাস্থ্য দপ্তর। আগামী সপ্তাহের মধ্যেই করোনার তৃতীয় ঢেউ শহরের মধ্যে আছড়ে পড়বে বলে জানিয়েছেন তাঁরা।
তৃতীয় ঢেউয়ে রাজ্যে দৈনিক ৩০ থেকে ৩৫ হাজার সংক্রমণ হতে পারে বলে আশঙ্কা স্বাস্থ্য দপ্তরের। তবে শুধুমাত্র করোনার উদ্বেগ মহানগরীতে নয়, অন্যান্য জেলাগুলিতেও একই রকমভাবে করোনা সংক্রমণ বাড়ার সম্ভাবনা থাকছে। বিশেষজ্ঞদের অনুমান, রাজ্যে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তাই প্রত্যেক জেলা এবং কলকাতায় টেস্ট দ্বিগুণ করানোর নির্দেশ দেওয়া হয়েছে। টিকাকরণের উপর জোর দেওয়ার কথাও বলা হয়েছে।

