বোরখায় কোনো নিষেধ নেই, অথচ মঙ্গলসূত্র পরে হিন্দু মহিলাদের পরীক্ষার হলে প্রবেশ করতে বাধা

আমাদের ভারত, ১৯ অক্টোবর: শিক্ষাক্ষেত্রে হিজাব পরে প্রবেশাধিকার নিয়ে যখন বিতর্ক চলছে দেশজুড়ে, তখন তেলেঙ্গানার একটি কলেজে একেবারেই ভিন্ন চিত্র দেখা গেল। ওই কলেজে মঙ্গলসূত্র পরে থাকায় হিন্দু মহিলাদের পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হলো না কিন্তু বোরখা পরে থাকা এক পরীক্ষার্থীকে ওই হলে ঢুকতে দেওয়া হলো। টুইটারে ইতিমধ্যেই ঘটনায় ভিডিও ছড়িয়ে পড়েছে, যা নিয়ে সরব হয়েছে বিজেপি নেতা কর্মীরা।

তেলেঙ্গানার আদিলাবাদ শহরে বিদ্যার্থী জুনিয়ার এবং ডিগ্রি কলেজে রাজ্য সরকারের পাবলিক সার্ভিস কমিশনের গ্রুপ ওয়ানের প্রিলিমিনারি পরীক্ষা চলছিল। পরীক্ষার হলে ঢোকার সময় গেটে আটকে দেওয়া হয় সমস্ত বিবাহিত হিন্দু মহিলাদের। নিরাপত্তারক্ষীদের তরফে জানানো হয়, গলায় মঙ্গলসূত্র থাকলে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। দাঁড় করিয়ে বাধ্যতামূলক ভাবে খোলানো হয় মঙ্গলসূত্র। এমনকি দুল বালা-চুড়ি খুলে তবে পরীক্ষার হলে ঢুকতে পেরেছেন হিন্দু মহিলারা।

কিন্তু তেলেঙ্গানার আদিলাবাদ এই পরীক্ষা সেন্টারে ভিডিও টুইটারে ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে ওই একই সেন্টারে মুসলিম মহিলাদের হিজাব বোরখা পরে ঢুকতে দেওয়া হচ্ছে। হিজাব পরিহিত অবস্থায় পরীক্ষায় বসেছেন একাধিক মুসলিম প্রার্থী।

ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। পরীক্ষা সেন্টারের ভাইরাল ভিডিও শেয়ার করেছেন অনেকেই। পোস্টটিতে লেখা রয়েছে, “তেলেঙ্গানায় একটি সরকারি চাকরির পরীক্ষার হলে এমন চিত্র দেখা গিয়েছে। বোরখা বা হিজাব পরে হলে প্রবেশ করা গেলেও মঙ্গলসূত্র পরিহিত মহিলাদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না। তোষণের রাজনীতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। লজ্জাজনক।” পদ্ম শিবিরের নেতা কর্মীরা এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *