আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৯ অক্টোবর: পুলিশকে জানিয়েও বেআইনি মদের কারবার বন্ধ হয়নি বলে অভিযোগ। এলাকায় মহিলারা এক জোট হয়ে মদের দোকানে অভিযান চালালো। বেআইনিভাবে মজুত করে রাখা মদ উদ্ধার হল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে জলপাইগুড়ি শহরের এক নম্বর ওয়ার্ডের ইন্দিয়া কলোনি বাজার এলাকায়। বাজার এলাকায় কাপড়ের দোকান, হোটেল ও চায়ের দোকানের আড়ালে রমরমিয়ে চলছে দেশি মদের কারবার। আর এর জেরে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এলাকার সুষ্ঠ পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ এলাকায় মহিলা সমিতির।

যদিও এবিষয় দিন কয়েক আগে কোতোয়ালি থানায় লিখিত জানায় মহিলা সমিতি। তারপরেও এলাকায় রমরমিয়ে চলছে মদ বিক্রি। বাধ্য হয়ে এলাকার মহিলারা এক জোট হয়ে মদের দোকানে অভিযান চালায়। যতদিন এলাকায় মদ বিক্রি বন্ধ না হবে, ততদিন অভিযান চলছে বলে জানায় মহিলা সমিতির সদস্য নন্দীতা চক্রবর্তী। মদ খেয়ে এলাকার বাজারে কিছু যুবক অশ্লীল ভাষা ও মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করে বলে অভিযোগ করেন তারা। সন্ধ্যার পর এলাকায় চলাফেরা করতে অসুবিধে হয় মহিলা সহ শিশুদের। এলাকার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে মদের বিরুদ্ধে অভিযান আগামী দিনেও চালাবে বলে জানান মহিলা সমিতির সদস্যা নন্দীতা চক্রবর্তী।

