Sukanta, BJP, “কংগ্রেস- সিপিএমের মধ্যে অবৈধ প্রেম রয়েছে, তাই সেটা বাড়িতে দেখাতে পারে না ” কেন বললেন সুকান্ত মজুমদার?

আমাদের ভারত, ২৫ নভেম্বর: কংগ্রেস- সিপিএমের মধ্যে ও তৃণমূল- সিপিএমের মধ্যে অবৈধ প্রেম রয়েছে, যেটা তারা বাড়িতে দেখাতে পারেন না। তাদের সব ভালোবাসা দেখাতে হয় দিল্লিতে। সাংবাদিক সম্মেলনে এভাবেই বিরোধীদের কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

সম্প্রতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুশিদাবাদে গিয়ে বলে এসেছেন কংগ্রেস এবং কালীঘাট তৃণমূল এক হবে এবং তারা জোট করে সব জায়গায় জিতবেন। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, কল্যাণবাবু স্বপ্ন দেখছেন। ওনারা এক হতেই পারে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস আলাদা কিছু নয়। এটা পর্দার আড়ালে করেন। দিল্লিতে বসে বসে দোস্তি আর পশ্চিমবঙ্গে কুস্তির অভিনয় করেন। কিন্তু এখন আর অভিনয় করার প্রয়োজন নেই। এখন ঘোমটার পেছনে খ্যামটা নাচন না করে ঘোমটা খুলেই খ্যামটা নাচ দেখানো উচিত। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস অনেকটা কানা আর খোঁড়ার গল্পের মত একে অপরের ঘাড়ে চেপে চলছে।

অন্যদিকে সিপিএমের সাধারণ সম্পাদককে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন পশ্চিমবঙ্গের পরিস্থিতি আলাদা, সেখানে কংগ্রেসের জোট হবে না। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, দিল্লিতে তারা একরকম, পশ্চিমবঙ্গ আরেক রকম। এই ফর্মুলায় তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তাদের ( কংগ্রেস সিপিএমের) যে অবৈধ প্রেম, এই অবৈধ প্রেম কংগ্রেস- সিপিএম চালিয়ে যাচ্ছে নিজের বাড়ির বাইরে। নিজের বাড়িতে তারা এই প্রেম দেখাতে পারছে না। অবৈধ প্রেম তারা কিভাবে বাড়িতে করবে? তাই বাড়ির বাইরে দিল্লিতে গিয়ে করছে। বাড়িতে গেলে অন্যরকম হয়ে যাচ্ছে। কেরালাতে গেলে সিপিএম, কংগ্রেসকে বলতে পারছে না আই লাভ ইউ, আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসকে আই লাভ ইউ বলতে পারছে না সিপিএম। তাই সব ভালোবাসাবাসি দিল্লিতে হচ্ছে। নিজের বাড়িতে গেলেই সব চুপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *