আমাদের ভারত, ২৫ নভেম্বর: কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর স্মৃতিকথা বিলঙ্গিং অ্যা জার্নি অফ লাভ বইটিতে বিনায়ক দামোদর সাভারকারকে নিয়ে করা মন্তব্য ঘিরে বিতর্ক আইনি পথে এগোল। স্বাধীনতা সংগ্রামী সাভারকারের জীবন ও আদর্শকে বিকৃতভাবে উপস্থাপন করার অভিযোগ তুলে সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ পাঠালেন সাভারকারের প্রপৌত্র সাত্যকি সাভারকার।
নোটিসে নিঃস্বার্থ ক্ষমা চাওয়ার পাশাপাশি বইয়ে ওই অংশগুলি স্পষ্ট করে সংশোধনের দাবি জানানো হয়েছে। সাত্যকির আইনজীবী যে নোটিশটি পাঠিয়েছেন তাতে দাবি করা হয় যে, নোটিশ হাতে পাওয়ার ১৫ দিনের মধ্যে সোনিয়া গান্ধীকে দাবিগুলি মানতে হবে। যদি তিনি তা না করেন তবে সাত্যকি সাভারকার আদালতের দ্বারস্থ হয়ে দুটি আইনগত পদক্ষেপ করবেন।
নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ১০ নভেম্বর প্রকাশ হওয়া হারপার কলিংস পাবলিশার্স ইন্ডিয়ার এই বইটিতে সম্প্রতি সাত্যকির নজরে আসে বইটিতে সাভারকার সম্পর্কে যে কু- মন্তব্য ও ইঙ্গিত করা হয়েছে তাতে তিনি অত্যন্ত ব্যথিত ও বিচলিত হন। তাঁর অভিযোগ, বইয়ের ২০১ ও ৪৪৩ নম্বর পাতায় যে বক্তব্যগুলি রয়েছে সেটা তথ্যগতভাবে ভুল, ঐতিহাসিকভাবে বিভ্রান্তিকর এবং সাভারকারের সম্মান ও ঐতিহ্যের পরিপন্থী।
২০১ নম্বর পাতায় লেখা রয়েছে যখন কংগ্রেসের স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশ শাসকদের হাতে অত্যাচার ও কারাবাস সহ্য করছিলেন তখন বিনায়ক দামোদর সাভারকারের মতো আরএসএসের শীর্ষ মতাদর্শীরা তাদের ঔপনিবেশিক প্রভুদের কাছে ক্ষমা ভিক্ষার আবেদন লিখেছিলেন এবং তাদের সদস্যরা ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে হাত মিলিয়ে চরবৃত্তি করছিলেন। আইনি নোটিশে দাবি করা হয়েছে, এই বক্তব্য থেকে এমন একটি ধারণা তৈরি করা হচ্ছে যে সাভারকার ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে ব্রিটিশদের কাছে খবর পাচার করতেন ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতেন। এই ইঙ্গিতটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে নোটিশে। যুক্তি দেওয়া হয়েছে যে, ঐতিহাসিক প্রেক্ষাপটে সাভারকারের কারাবাস আবেদনপত্র এবং রাজনৈতিক কর্মকাণ্ড বিচার করা উচিত। তার সঙ্গে এই বক্তব্যের কোনো মিল নেই। আরো মনে করিয়ে দেওয়া হয়েছে, ব্রিটিশ শাসনে সাভারকার দীর্ঘ কারাবাস ও চরম নির্যাতন সহ্য করেন যার মধ্যে আন্দামান দ্বীপপুঞ্জে সেলুলার জেলে বন্দি থাকার মতো কঠিন সময়ও ছিল। সেই কারাবাসের সময় জমা দেওয়া আবেদন পত্র গুলির প্রেক্ষাপট ও পারিপার্শ্বিক ঘটনা না বুঝেই সেগুলির উল্লেখ করে তার জীবন ও রাজনৈতিক সংগ্রামের একটি অসম্পূর্ণ বিকৃত ছবি তুলে ধরা হয়েছে।
৪৪৩ নম্বর পাতার বক্তব্য … এই পাতায় লেখা হয়েছে গান্ধীজী সমসাময়িক বিনায়ক দামোদর সম্পর্কে হিন্দুত্ব নামক মতাদর্শের প্রতিষ্ঠাতা তিনি এক বিপরীত দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন। তার মতে ভারত মূলত এমন রাষ্ট্র যেখানে হিন্দুরা সর্বোচ্চ, যে দৃষ্টিভঙ্গি আরএসএস বিজেপি এবং দেশজুড়ে ছড়িয়ে থাকা তাদের অসংখ্য সহযোগী সংগঠন যাদের একত্রে সংঘ পরিবার বা এসএস- এর পরিবার বলা হয় তারা বহন করে চলেছে। নোটিশে এই অংশটির তীব্র বিরোধিতা করে বলা হয়েছে ভারতের বিষয়ে সাভারকারের দৃষ্টিভঙ্গিকে হিন্দুরাই সর্বোচ্চ হিসেবে দেখিয়ে তার রাজনৈতিক ও আদর্শগত দর্শনের ভুল ব্যাখ্যা করা হয়েছে।
প্রসঙ্গত, সোনিয়ার এই বইয়ে সাভারকারকে নিয়ে করা মন্তব্যের বিরুদ্ধে এর আগেই সরব হয়েছিলেন একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনা। ওই দলের নেতারা প্রকাশ্যে বইটির পাতা ছিঁড়ে বিক্ষোভ দেখিয়েছিলেন এবং বিতর্কিত অংশগুলি বই থেকে বাদ দেওয়া দাবি তুলেছিলেন। কিন্তু এবার এই বির্তক সম্পূর্ণ আইনি পথে এগোলো।

