পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: বিদ্যাভারতী উচ্চ শিক্ষা সংস্থান (VBUSS)- এর উদ্যোগে আয়োজিত সর্বভারতীয় স্তরের ‘ভারত বৌদ্ধিকস ২.০’ (Bharat BoudhIKS 2.0) পরীক্ষা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়। এই জাতীয় স্তরের পরীক্ষার অন্যতম কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৩৫৪ জনেরও বেশি স্নাতক ও স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থী নাম নথিভুক্ত করেছিলেন। প্রতিকূল আবহাওয়ার কারণে কয়েকজন পরীক্ষার্থী অনুপস্থিত থাকলেও, সামগ্রিকভাবে অফলাইন (পেন ও পেপার) পদ্ধতির এই পরীক্ষাটি অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০-র আদর্শে অনুপ্রাণিত এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং কলা বিভাগের মাধ্যমে ভারতের ঐতিহ্যবাহী জ্ঞানচর্চাকে (Indian Knowledge Systems) মূলধারার উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত করা।
পরীক্ষার পূর্বে, গত ২৯ অক্টোবর শিক্ষার্থীদের মধ্যে ভারতীয় জ্ঞান পরম্পরা (IKS) এবং এই পরীক্ষার কাঠামো সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি বিশেষ সেমিনার ও ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এছাড়াও, শিক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির পক্ষ থেকে তিনটি ভিন্ন ভাষায় পর্যাপ্ত সংখ্যক ‘ভারত বৌদ্ধিকস’ বইয়ের সেট সংগ্রহ করা হয়েছিল।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক দীপক কুমার করের নির্দেশ ও পরামর্শক্রমে এবং সংশ্লিষ্ট আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার দে-র নেতৃত্বে সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হয়।
পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পর কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার দে সন্তোষ প্রকাশ করে জানান যে, এই ধরনের পরীক্ষা শিক্ষার্থী, গবেষক এবং শিক্ষকদের মধ্যে ভারতের সমৃদ্ধ জ্ঞান ঐতিহ্য সম্পর্কে সচেতনতা ও আগ্রহ বৃদ্ধিতে বিশেষভাবে সহায়ক হবে।

