পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি ও লোকাচারকে মর্যাদা দিয়ে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো ‘মেদিনীপুর জেলা জাহের এ সারি সহরায় দিশম খুন্টাও ২০২৬’ তথা বাঁদনা পরবের গরু খুটান অনুষ্ঠান। রবিবার মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত মেদিনীপুর শহর সংলগ্ন হেলিপ্যাড ময়দানে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষের সমাগম ঘটে। উৎসবের আনন্দে মুখর হয়ে ওঠে গোটা হেলিপ্যাড ময়দান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি ঐতিহ্যবাহী গরু খুটানের মধ্যে দিয়ে এই বাঁদনা পরবের শুভ সূচনা করেন। আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ এই পরবকে ঘিরে উপস্থিত মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
এদিনের অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন কেশিয়াড়ির বিধায়ক ভদ্র হেমব্রম এবং রায়পুর বিধানসভার বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা। এছাড়াও আদিবাসী সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব, সমাজসেবী, সাংস্কৃতিক কর্মী এবং সমাজের গুণীজনেরা অনুষ্ঠানে উপস্থিত থেকে উৎসবের আনন্দে শামিল হন।
অনুষ্ঠানের মঞ্চ পরিচালনা করেন রাজু টুডু। তাঁর সঞ্চালনায় গোটা অনুষ্ঠানটি সুন্দরভাবে এগিয়ে চলে। মেদিনীপুর শহর ছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী সম্প্রদায়ের নারী- পুরুষ, প্রবীণ ও তরুণ প্রজন্মের মানুষ এই অনুষ্ঠানে যোগ দেন। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে উৎসবের পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।

এই পরব আদিবাসী সমাজের কাছে কেবল একটি উৎসব নয়, এটি তাঁদের দীর্ঘদিনের সামাজিক ঐতিহ্য, সংস্কৃতি, বিশ্বাস ও জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িত। বিশেষ করে গরু খুটান পরবের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী আচার। কৃষিনির্ভর সমাজজীবনে গবাদি পশুর গুরুত্ব এবং মানুষের সঙ্গে পশুর নিবিড় সম্পর্কের প্রতিফলন দেখা যায় এই উৎসবের মধ্যে দিয়ে।
এই ধরনের অনুষ্ঠান আদিবাসী সমাজের নিজস্ব সংস্কৃতি ও পরম্পরাকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি সমাজের মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে। মেদিনীপুরের হেলিপ্যাড ময়দানে কয়েক হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘জাহের এ সারি সহরায় দিশম খুন্টাও ২০২৬’ অনুষ্ঠানটি এক মিলনোৎসবে পরিণত হয়।
ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে এদিনের এই আয়োজন মেদিনীপুরের আদিবাসী সমাজের কাছে এক বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে থাকল।

