সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১০ মার্চ: সদ্য সমাপ্ত বাঁকুড়া পৌরসভার পৌরপ্রধান কে হবেন তা নিয়ে আজ কয়েকদিন ধরেই শহর জুড়ে জল্পনা তুঙ্গে।শহরবাসী তাকিয়ে কে হন শহরের প্রথম নাগরিক।
বাঁকুড়া পৌরসভায় ২৪টি আসনের মধ্যে ২১টিতে জয়লাভ করে মিরাকেল ঘটালো তৃণমূল। নির্বাচনে বিরাট সাফল্য মিললেও পৌরপ্রধান ও উপ পৌরপ্রধান পদ নিয়ে চিন্তিত তৃণমূল শিবির।বাঁকুড়ায় তৃণমূলের অনেক গোষ্ঠী, আর তাদের নিজেদের মধ্যেই বিরোধ। একজন অপরজনকে সহ্য করতে পারে না। এই অবস্থায় চেয়ারম্যান পদে কাকে মনোনীত করা যায় তা নিয়ে শীর্ষে নেতৃত্ব চিন্তিত।
তবে তৃণমূলের অন্দরে পৌরপ্রধাননের পদ সংক্রান্ত আলোচনায় প্রাক্তন চেয়ারম্যান শম্পা দরিপা, আর এক প্রাক্তন চেয়ারম্যান অলকাসেন মজুমদারের নামই বেশী আলোচিত হচ্ছে।অনেকেই মনে করছেন শম্পাকে চেয়ারম্যান ও অলকাদেবীকে ভাইসচেয়ারম্যান করা হতে পারে। একেবারেই আনকরা তাপস ব্যনার্জিকে ভাইস চেয়ারম্যানের পদ দেওয়া হতে পারে। আবার এরই মধ্যে একেবারে নতুন মুখ অমৃতা গরাই কুন্ডুকে চেয়ারম্যান করে শীর্ষ নেতৃত্ব গোষ্ঠী বিবাদ ঠেকাবেন বলে অনেকেই মনে করছেন। এখন কার ভাগ্যে পুরপ্রধানের তকমা জোটে তা জানতে সব মহলই তাকিয়ে।

