কানাঘুষো চলছে দিদি অন্য কেন্দ্রে ফর্ম পূরণ করতে চলেছেন: মোদী

আমাদের ভারত, হাওড়া, ১ এপ্রিল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের পাশাপাশি অন্য কোনও কেন্দ্রে কি তার নমিনেশন জমা করতে যাচ্ছেন। এই প্রশ্নই বৃহস্পতিবার বিকেল থেকে তোলপাড় করছে রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার উলুবেড়িয়ার মধুবাটি গ্রামে হাওড়া গ্রামীণ জেলার বিজেপি প্রার্থীদের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, নন্দীগ্রামে যা হয়েছে, সবাই দেখেছে। দিদি হার মেনে নিয়েছে। এখনও অনেক বাকি আছে। কানাঘুষো শোনা যাচ্ছে, দিদি অন্য কোনও কেন্দ্রে ফর্ম পূরণ করতে চলেছেন। আর বৃহস্পতিবার উলুবেড়িয়ার জনসভা থেকে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরেই চাপানউতোর শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

দুটি নির্বাচনী জনসভা করতে বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আসেন। এদিন দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে প্রথম সভাটি করার পর নির্দিষ্ট সময়ের বেশ কিছুটা আগে দ্বিতীয় জনসভা করতে উলুবেড়িয়ায় পৌঁছে যান নরেন্দ্র মোদী। এদিন বিকেল ৩টে ৪৫মি নাগাদ বায়ু সেনার বিশেষ চপারে প্রধানমন্ত্রী সভাস্থলে এসে পৌঁছান। প্রধানমন্ত্রীর চপারের সঙ্গে আরও দুটি চপার উলুবেড়িয়ায় আসে। এদিন চপার থেকে নেমে প্রধানমন্ত্রী গাড়িতে চেপে সভাস্থলে আসার আগে চলন্ত গাড়িতে দাঁড়িয়ে সভাস্থলে আশেপাশে থাকা মানুষদের অভিবাদন গ্রহণ করেন। পরে সভামঞ্চে উঠে চাঁচাছোলা ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুরু করেন।

এদিন প্রধানমন্ত্রী বলেন, দিদি বাংলার মানুষ আপনার প্রতি অসন্তুষ্ট। আপনার পরাজয় দেওয়ালে লেখা হয়ে গেছে। আপনাকে কেউ বাঁচাতে পারবে না। নরেন্দ্র মোদী অভিযোগ করেন, এখানে কাটমানির রাজত্ব চলছে। এখানে হাসপাতালে চিকিৎসা করাতে গেলে কাটমানি দিতে হয় এমনকি শেষকৃত্য অনুষ্ঠান করতে গেলেও কাটমানি দিতে হয়। এদিনের সভামঞ্চ থেকে নরেন্দ্র মোদী সকলকে বলেন, আপনারা আমফানের হিসেব চান। যদি দিদি উত্তর দিতে না পারেন তাহলে ভাতিজা উত্তর দিক। নরেন্দ্র মোদী বলেন, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসলে ভাতিজার জানালা বন্ধ হবে। শিল্পের জানালা খুলবে। বিনিয়োগের জানালা খুলবে।

এদিন প্রধানমন্ত্রীর জনসভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের প্রার্থী প্রত্যূষ মন্ডল, উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের প্রার্থী চিরন বেরা, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের প্রার্থী পাপিয়া অধিকারী, শ্যামপুর কেন্দ্রের প্রার্থী তনুশ্রী চক্রবর্তী, আমতা কেন্দ্রের প্রার্থী দেবতনু ভট্টাচার্য, বাগনান কেন্দ্রের প্রার্থী অনুপম মল্লিক, উদয়নারায়ণপুর কেন্দ্রের প্রার্থী সুমিত রঞ্জন কাড়ার এবং পাঁচলা কেন্দ্রের প্রার্থী মোহিত ঘাঁটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *