স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১ জুন: মা কালির মন্দির থেকে লক্ষাধিক টাকার সোনার অলংকার চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সুভান্দিগছ এলাকায়।

জানা গেছে, গত রাতে দুষ্কৃতীদের হানায় লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি গেছে এই মন্দির থেকে। ঘটনায় শোকাহত স্থানীয় বাসিন্দারা। কে বা কারা চুরি করল তা নিয়ে দুশ্চিন্তায় সুভান্দিগছবাসী। সোনার অলঙ্কারের পাশাপাশি মন্দিরের মাইক সেট সহ একাধিক সরঞ্জাম চুরি যায়। সেই মাইক সেট ডগ ব্যারেজ এলাকায় পড়ে থাকতে দেখা যায়। ওই মাইক সেট এলাকাবাসীরা দেখতে পেয়ে মন্দিরে নিয়ে আসে। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসী চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এই চুরির ঘটনাকে কেন্দ্র করে সুভান্দিগছবাসী প্রত্যেকেই হতবাক। জানিছেন, তারা প্রত্যেকেই শোকাহত যে ওই এলাকার একটিমাত্র মন্দির থেকে কিভাবে দুষ্কৃতীরা এই চুরির ঘটনা ঘটালো তা নিয়ে তারা চিন্তিত। এই মায়ের মন্দিরে মায়ের অনেক মহিমা রয়েছে, যার জন্যই কৃপা পেয়ে প্রত্যেকেই এই মন্দিরে কিছু না কিছু দান করে থাকেন। এই মায়ের অলংকার চুরি যাওয়ায় এলাকাবাসী প্রত্যেকেই অতি শোকাহত। যারাই এই ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আবেদন জানিয়েছেন তারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

