প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ১১ নভেম্বর: ছট পূজা চলাকালীন কাপড় ব্যবসায়ীর ফ্ল্যাটে ভয়াবহ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল আগরপাড়ার ইলিয়াস রোডে।
বৃহস্পতিবার সকালে ব্যবসায়ী বৃন্দাবন ডোরা ও তার পরিবার ছট পুজো উপলক্ষ্যে গঙ্গার ঘাটে গিয়েছিলেন পুজো দিতে। সেখান থেকে আবাসনে ফিরে এসে দেখতে পান তাদের ফ্ল্যাটের তালা ভাঙ্গা। তারা ফ্ল্যাটে ঢুকে দেখেন আলমারি ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। তারপরই তারা দেখেন আলমারিতে থাকা আনুমানিক ১০ লক্ষ টাকার সোনার গয়না ও ৪০ হাজার নগদ টাকা চুরি গিয়েছে এমনটাই অভিযোগ ব্যবসায়ী ও তার পরিবারের। এই ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠেই ব্যবসায়ী বৃন্দাবন বাবু তার ফ্ল্যাটের এই দুঃসাহসিক চুরি হওয়ার ঘটনার অভিযোগ দায়ের করেন খড়দহ থানায়। এরপরই ঘটনাস্থলে আসে খড়দা থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্টই আতঙ্কের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।
ছট পুজো উপলক্ষ্যে ওই আবাসনের অনেক বাসিন্দাই গিয়েছিলেন গঙ্গার ঘাটে। ফলে ভোরের দিকে ফাঁকাই ছিল আবাসন। আর তার সুযোগ নিয়েছে দুষ্কৃতীরা এমনটাই অনুমান এলাকাবাসীদের। এই গোটা ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ী ও তার পরিবার জানালেন, “আমরা অনেক দিন ধরেই এখানে আছি কিন্তু এই ধরনের ঘটনা আগে ঘটেনি। আমরা সবাই পুজো দিতে গেছিলাম গঙ্গার ঘাটে। আর ফিরে দেখছি আমাদের সব খোয়া গেছে। আমরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছি। তবে আমাদের ধারণা আমরা বাইরে গেছি সেটা দুষ্কৃতীরা খেয়াল করেছে আর সেই সুুুযোগে এই সমস্ত ঘটিয়েছে।”
পুলিশ এই গোটা ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

