আমাদের ভারত, কোচবিহার, ২৫ নভেম্বর:
গতকাল ফালাকাটায় এক ছাত্রীকে গলা কেটে নৃশংসভাবে খুন করে এক যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। মৃতা অঙ্কিতা শীল দশম শ্রেণির ছাত্রী। তার পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল যুব তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার ফালাকাটা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে সমবেদনা জানানো হয়। পাশাপাশি ব্লক সভাপতি শুভব্রত দে তাদের আর্থিক ভাবে সহযোগিতা করেন।
ফালাকাটা ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শুভব্রত দে বলেন, আগামীকাল ফালাকাটা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আগামী এক মাসের জন্য চাল, ডাল, তেল, মশলা, শুকনো খাবার তাদের বাড়িতে পৌঁছে দেবো। তিনি আরও বলেন, অঙ্কিতার বোন সঙ্গীতা শীল রাজ্যস্তরে জিমন্যাস্টিকের ভালো খেলোয়াড় এবং পারঙ্গেরপাড় উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আগামী দিনে তার যাতে পড়াশোনায় কোনও অসুবিধা না হয় এবং খেলাধুলা ও শরীরচর্চা জিমনাস্টিকে যাতে কোনও প্রভাব না পড়ে তার জন্য আমি ব্যক্তিগতভাবে আজ থেকে তার সমস্ত দায়-দায়িত্ব নিজের কাঁধে নিলাম। তার পড়াশোনার খরচ তার খেলার খরচ এবং তার খাওয়া-দাওয়ার খরচ সম্পূর্ণটা আমি নিজেই বহন করব।

