কলকাতায় খুলতে পারে যোগী সরকারের অফিস, জানালেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী

আমাদের ভারত, ১১ মে: কলকাতাতে খুলতে পারে যোগী আদিত্যনাথ সরকারের অফিস। কাজের তাগিদে দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রয়েছেন উত্তরপ্রদেশের বহু মানুষ। তাদের সঙ্গে উত্তরপ্রদেশের সরকারের যোগাযোগকে মসৃণ করতেই দেশের বিভিন্ন রাজ্যে যোগী আদিত্যনাথ সরকার দপ্তর তৈরি করতে চলেছে। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইতে এই ধরনের কার্যালয় তৈরির সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে। কলকাতাতেও আগামী দিনে এই ধরনের কার্যালয় হতে পারে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।

মুম্বই শহরে অন্তত ৫০-৬০ লক্ষ মানুষ থাকে যাদের বাড়ি উত্তরপ্রদেশে। তাদের সুবিধার জন্য এবার মুম্বাইতে যোগী আদিত্যনাথ সরকারের অফিস তৈরি হতে চলেছে। এমনটাই জানিয়েছে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। তিনি বলেন, ব্যবসা কিংবা চাকরির জন্য উত্তরপ্রদেশের মানুষ রাজ্যের বাইরে বসবাস করেন। তাদের সঙ্গে উত্তর প্রদেশ সরকারের যোগাযোগ মসৃণ করতে উদ্যোগী হয়েছে আদিত্যনাথ সরকার। তারা যদি ভিন রাজ্যে কোনো সমস্যায় পড়েন তাদের কাছে যাতে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া যায় তা নিশ্চিত করতেই মুম্বাইতে রাজ্য সরকারের অফিস তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে ব্রজেশ পাঠককে জিজ্ঞাসা করা হয় মুম্বাইয়ের মত কি অন্য রাজ্যেও এই ধরনের দপ্তর তৈরীর কথা ভাবছে যোগী সরকার? তার উত্তরে ব্রজেশ বলেন, “কেন নয়? প্রয়োজনে কলকাতা দিল্লীতেও মুম্বাইয়ের মত তৈরী করা হবে অফিস। তিনি বলেন, মুম্বাইয়ের ইউপি ভবনে উত্তরপ্রদেশের অনাবাসী বাসিন্দারা গিয়ে থাকতে পারবেন। কোনো সমস্যায় পড়লে সরাসরি উত্তর প্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সেখানে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সমস্ত রকম ভাবেই তাদের পাশে দাঁড়াবেন।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী আদিত্যনাথ মুম্বাইতে উত্তরপ্রদেশ সরকারের ভবন তৈরি নির্দেশ দেন। মহারাষ্ট্রে বসবাসকারী উত্তরপ্রদেশের বাসিন্দাদের সরাসরি সহায়তার পাশাপাশি মুম্বাইয়ে বসবাসকারী উত্তরপ্রদেশের বাসিন্দারা যাতে নিজের রাজ্যে বিনিয়োগ করতে পারেন তার জন্য বিভিন্ন পরিকল্পনা রয়েছে আদিত্যনাথ সরকারের। এই প্রসঙ্গে কলকাতায় যোগী সরকারের দপ্তর খোলার জন্য মন্তব্য করেন উপমুখ্যমন্ত্রী। মুম্বাইয়ের পর কলকাতাতেও যদি যোগী সরকারের দপ্তর খোলা হয় তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ঘটনা হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *