আমাদের ভারত, ১১ মে: বেনারস, মথুরার পর এবার তাজমহল নিয়েও মামলা দায়ের হলো আদালতে। এলাহাবাদ হাইকোর্টে বিজেপির অযোধ্যা জেলার মিডিয়া ইনচার্জ রজনীশ সিং ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে তাজমহলের আসল ইতিহাস অনুসন্ধানের দাবি জানিয়েছেন। আদালত এই মামলার শুনানির আবেদন গ্রহণ করেছে।
রজনীশের আইনজীবী রুদ্র বিক্রম সিং বুধবার বলেন, বহু হিন্দু সাধু-সন্তরা মনে করেন তেজো মহালয় নামে একটি শিব মন্দিরের ওপর তাজ মহল গড়ে তোলা হয়েছে। আমরা চাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পুরাতত্ত্ববিদদের তত্ত্বাবধানে তাজমহল চত্বরে অনুসন্ধান চালিয়ে সত্য উঠে আসুক।
এছাড়াও তাজমহলের ভিতরে দীর্ঘদিন ধরে বাইশটি ঘর বন্ধ রয়েছে। এই মামলার আবেদনে দাবি করা হয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে সেই ঘরগুলি খোলা হোক।
গত সপ্তাহে আদালতের নির্দেশে বেনারসে কাশী বিশ্বনাথ মন্দিরের লাগোয়া জ্ঞানবাপী মসজিদে পুরাতত্ত্ব বিশারদদের উপস্থিতিতে শুরু হয়েছে ভিডিওগ্রাফি ও পর্যবেক্ষণের কাজ। মথুরার কৃষ্ণ জন্ম ভূমিতেও ঔরঙ্গজেবের আমলে গড়ে তোলা শাহী মসজিদ ঈদগাহ সরানোর দাবিতেও মামলা চলছে আদালতে। এবার সেই তালিকায় যুক্ত হলো উত্তর প্রদেশ তথা ভারতের সবচেয়ে জনপ্রিয় ঐতিহাসিক সৌধ তাজমহলের নামও।

