রাষ্ট্রদ্রোহ আইনে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

আমাদের ভারত, ১১ মে:
আপাতত স্থগিত হয়ে গেল রাষ্ট্রদ্রোহ আইন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার যতদিন ব্রিটিশ আমলে তৈরি এই আইনের পুনর্বিবেচনা করছে ততদিন পর্যন্ত এই আইন প্রয়োগ স্থগিত থাকবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই আইনে এখন কোনওরকম গ্রেপ্তার করা যাবে না। এছাড়াও এই আইন প্রয়োগ করে যে সমস্ত মামলা বর্তমানে চলছে তাও স্থগিত হয়ে যাবে। শীর্ষ আদালত আরও নির্দেশ দিয়েছে যে, এই আইনের বলে যারা বন্দি রয়েছেন তারা জামিনের আবেদন করতে পারবেন।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমানার ডিভিশন বেঞ্চ কেন্দ্রের কাছে জানতে চায় যতদিন রাষ্ট্রদ্রোহ আইনের পুনর্বিবেচনা চলছে, ততদিন কি এই আইনের আওতায় রুজু হওয়া মামলা স্থগিত রাখা যায়? আদালত কেন্দ্রের কাছে এও জানতে চায় যে, কেন্দ্রীয় সরকার কি রাজ্যগুলিকে এই আইন প্রয়োগ করে কোনো পদক্ষেপ না করার কথা বলতে পারে?

বুধবার কেন্দ্রীয় সরকার সুপ্রিমকোর্টকে জানায় তারা রাজ্যগুলিকে বলতে পারে, পুলিশ সুপার বা তার চেয়েও উঁচু পদমর্যাদার অধিকারীকরাই কেবল যেনো রাষ্ট্রদ্রোহ মামলা করতে পারেন। কিন্তু সুপ্রিম কোর্ট বুধবার স্পষ্ট জানিয়ে দেয় যতদিন না রাষ্ট্রদ্রোহ আইনের পুনর্বিবেচনা শেষ করছে কেন্দ্র ততদিন স্থগিত থাকবে এই আইন। একইসঙ্গে সর্বোচ্চ আদালত জানায়, নতুন করে এই আইন প্রয়োগ করে কাউকে গ্রেপ্তার করা যাবে না এখন। এই আইনে এখন যে সমস্ত মামলা চলছে তা স্থগিত হয়ে যাবে। এই আইনে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জামিনের আবেদন করতে পারেন। তা সত্ত্বেও যদি এই আইনে কারোর বিরুদ্ধে মামলা দায়ের হয় তাহলে তিনি আদালতের দ্বারস্থ হতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *