ভুল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদেরই, অভিযোগ জানানোর প্রথম দিনেই ভিড় ছাত্র-ছাত্রীদের

রাজেন রায়, কলকাতা, ২৫ জুলাই: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরই জেলা থেকে শহরে শুরু হয়ে গিয়েছিল অকৃতকার্য ছাত্র ছাত্রীদের বিক্ষোভ। সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি এই দাবিতে বহু জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। তড়িঘড়ি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসকে তলব করেন মুখ্য সচিব। আর তারপরেই বিজ্ঞপ্তি প্রকাশ করে আগামী সাত দিনের মধ্যে সমস্ত অভিযোগ জানাতে নির্দেশ দেয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই রীতিমতো ভিড় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সামনে। কেউ বলছেন একাদশে ও মাধ্যমিকে ভালো নম্বর থাকা সত্ত্বেও কেন ফেল, আর কোনও কোনও শিক্ষক অভিযোগ করছেন খোদ সংসদের বিরুদ্ধে।

ফল প্রকাশের দিন সাংবাদিক বৈঠকে মহুয়া দাস নিজেই জানিয়েছিলেন যে অনেক স্কুলের গণনার ক্ষেত্রে ভুল হয়েছে। কিন্তু ছাত্র-ছাত্রীদের অভিযোগ ভুল করেছে খোদ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। স্কুল থেকে ঠিকভাবে নম্বর পাঠানো হয়েছে। অবিলম্বে ভুল শুধরে নিতে হবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে।

শনিবার বিকেলেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় যে, ফলাফল প্রকাশের ক্ষেত্রে যদি কোনও ত্রুটি থেকে থাকে তবে তা খতিয়ে দেখা হবে। মূলত যে সমস্ত স্কুলে সমস্যা হচ্ছে, সেগুলির প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে ছাত্রছাত্রীদের অভিযোগ জানাতে বলা হয়েছে। শিক্ষামন্ত্রীও আশ্বাস দিয়েছেন, সমস্ত অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে আগামী সাত দিনের মধ্যে অভিযোগ জমা দিতে হবে। রবিবার ও ছুটির দিনেও অভিযোগ জানানো যাবে বলে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *