পুরনো গরিমা ফিরে পাচ্ছে শালবনি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে, খুশী স্থানীয় বাসিন্দারা

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুলাই: শালবনি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে কোভিড পূর্ববর্তী এবং পরবর্তী পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবার মান একেবারেই নিম্নমুখী হয়ে পড়ার অভিযোগ উঠেছিল। কিন্তু সম্প্রতি ডাঃ মনোজিৎ বিশ্বাস নতুন ব্লক মেডিক্যাল অফিসার হিসেবে দায়িত্ব নেয়ার পর পরিষেবার মান উন্নত হচ্ছে এবং গ্রামীণ হাসপাতালটি ধীরে ধীরে নিজের পুরনো গরিমা ফিরে পাচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। ডাঃ মনোজিৎ বিশ্বাস ঘাটাল মহাকুমা স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার থাকাকালীন স্বাস্থ্য কেন্দ্রটি পশ্চিমবঙ্গের ১নং স্বাস্থ্য কেন্দ্রের শিরোপা পেয়েছিল।

শালবনীবাসীর জন্য খুশির খবর হল, শালবনী গ্রামীণ হাসপাতাল চত্বর সহ পরিষেবা পরিকাঠামো এবার নতুন করে সেজে উঠছে। হাসপাতালের প্রবেশ পথ থেকে শুরু করে হাসপাতাল প্রাঙ্গণে সৌন্দর্যের ছোঁয়া লেগেছে। নতুন গেট তৈরি হয়েছে। বাগান তৈরির সঙ্গে হাসপাতালজুড়ে নতুন রং ও পটচিত্রের আদলে নক্সার কাজও চলছে। হাসপাতালে প্রবেশ করার পর, রোগী ও পরিজনদের সুবিধার্থে দিকনির্দেশিকা বোর্ড লাগানো হয়েছে। এছাড়াও, চিকিৎসা সংক্রান্ত একাধিক পরিষেবা নতুন করে শুরু করা হয়েছে বলে জানাগেছে। 

সুপার স্পেশালিটি’র চিকিৎসকদের দিয়ে আউটডোর পরিষেবা, প্রসূতি মায়েদের জন্য বিভিন্ন পরিষেবা চালু করা হয়েছে। জেলার স্বাস্থ্যকেন্দ্রগুলির মধ্যে একমাত্র এখানেই ‘ছত্রছায়া’ নামক একটি সংস্থার সহায়তায় ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষের জন্য টিফিন ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। 

শালবনী গ্রামীণ হাসপাতালের সুপার তথা বিএমওএইচ ডাঃ মনোজিৎ বিশ্বাস জানিয়েছেন, “সকলের সহযোগিতা নিয়ে সাধারণ মানুষকে সঠিক পরিষেবা দেওয়ার এবং  হাসপাতালের মানোন্নয়ন ঘটানোর চেষ্টা করছি।

এই বিষয়ে জেলাশাসক ডঃ রশ্মি কমল এবং শালবনীর বিধায়ক তথা মন্ত্রী শ্রীকান্ত মাহাতো আন্তরিক ভাবে সাহায্য করছেন। করোনার তৃতীয় ঢেউ আসার আগেই শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল যথেষ্ট প্রস্তুত বলে জানিয়েছেন ড: বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *