রাজেন রায়, কলকাতা, ২৫ জুলাই: রাজ্যে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গণপরিবহন। প্রত্যেক সপ্তাহে বাড়ানো হচ্ছে মেট্রো সংখ্যা। সোমবার থেকে আরও বাড়ছে মেট্রোর সংখ্যা।
এখন আপ ও ডাউন মিলিয়ে মোট ২০৮টি ট্রেন চলছে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে এই মেট্রোর সংখ্যা বেড়ে হবে ২২০টি। অর্থাৎ, আপ ও ডাউন লাইনে যথাক্রমে ১১০টি করে ট্রেন চলবে। ২২০টি ট্রেনের মধ্যে কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে চলবে মোট ১৫০টি ট্রেন। বাকি ৭০টি চলবে দমদম ও কবি সুভাষের মধ্যে।
একই সঙ্গে সময়ের ব্যবধানও বেশ কিছুটা কমিয়ে আনা হয়েছে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে সকালে প্রথম মেট্রো ৮ টার জায়গায় সাড়ে ৭টায় চলবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। একই রকম ভাবে দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ও দমদম থেকে কবি সুভাষের দিকে প্রথম মেট্রো সকাল ৮টার জায়গায় সাড়ে ৭টায় চলবে। যদিও শেষ মেট্রোর সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না। পূর্ব নির্ধারিত শেষ মেট্রো চলবে রাত ৮ টার সময়।

