আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৫ জুলাই: রাজমিস্ত্রিদের আঁতুড়ঘর নবাবের জেলা মুর্শিদাবাদকে বলা হয়, আর সেই মুর্শিদাবাদের কয়েকজন রাজমিস্ত্রি নির্মাণ কাজ করতে মুম্বই গিয়েছিলেন। নির্মাণ কাজ করার সময় অসাবধানবশত বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হল চারজন শ্রমিকের। মর্মান্তিক মৃত্যুর ঘটনা এলাকায় আসতেই শোকের ছায়া নেমে এলো মুর্শিদাবাদের কান্দি মহকুমার ভরতপুর ও খড়গ্রাম থানা এলাকা জুড়ে।
বহুতল থেকে পড়ে যাদের মৃত্যু হয়েছে তাদের নাম পুলিশ জানিয়েছে– ভারন মন্ডল (৩৫), অবিনাশ দাস (৩০), লক্ষ্মণ মণ্ডল (৩৪) এরা তিনজনেই কান্দি মহকুমার ভরতপুরের বাসিন্দা অন্যদিকে চিনময় কোনাই (৩০) কান্দি মহকুমার খড়গ্রাম থানা এলাকার বাসিন্দা। জানাগেছে, আরও একজন মারা গেছেন, তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। এই চারজনের মৃত্যুর ঘটনায় স্বভাবত শোকের ছায়া কান্দি মহকুমা জুড়ে।

জানাগেছে মুম্বই পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। অসাবধানবশত নির্মাণ কাজ করতে গিয়ে কি এই চারজনের মর্মান্তিক মৃত্যু নাকি এর পিছনে লুকিয়ে আছে বড় কোনো রহস্য, তা খতিয়ে দেখছে পুলিশ।

