কোভিড ভ্যাক্সিন দেওয়ার কাজ শুরু হল উত্তর দিনাজপুরের স্কুল পড়ুয়াদের

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩ জানুয়ারি: আজ থেকে রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে শুরু হল স্কুল পড়ুয়াদের কোভিড ভ্যাক্সিন দেওয়ার কাজ। সোমবার রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যালয়ে ভ্যাক্সিনেশন শিবিরের সূচনা হয়। ১৫ থেকে ১৮ বছর বয়সী পড়ুয়াদের করোনা ভ্যাক্সিন দেওয়া হবে বলে স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি রায়গঞ্জ মেডিক্যাল কলেজে, বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের ভ্যাক্সিন দেওয়ার কাজ শুরু হয়।

উল্লেখ্য, গত দুবছর ধরে বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে করোনা ভাইরাস। ইতিমধ্যেই ভারত সহ বিশ্বের নানা দেশে বহু মানুষের মৃত্যু হয়েছে। সম্প্রতি করোনার নতুন প্রজাতি ওমিক্রনের সংক্রমন বাড়ছে হু হু করে। প্রায় দু’বছর রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর গতবছরের নভেম্বর মাস থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠন শুরু হয় স্কুলগুলিতে, কিন্তু ওমিক্রনের দাপট বাড়তেই সোমবার থেকে পুনরায় রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পরিস্থিতিতে স্কুল পড়ুয়াদের ভ্যাক্সিন দেওয়ার দাবি ওঠে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়া বিষয়ে সরকারি সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। সেই মতো সোমবার থেকে শুরু হয় এই কর্মসূচি। এদিন রায়গঞ্জ সহ জেলার বিভিন্ন প্রান্তে পড়ুয়াদের টিকাকরণ কর্মসূচি পালিত হয়। রায়গঞ্জে এই শিবিরের উদ্বোধন হয় সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রে। শিবিরে প্রায় ৪০০ জনকে ভ্যাক্সিন দেওয়া হয়।

পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, “গোটা জেলায় এক কোটি চুয়ান্ন লক্ষ পড়ুয়াদের ভ্যাক্সিন দেওয়া হবে। সোমবার বিদ্যাচক্র স্কুলে এই কর্মসূচি পালিত হয়। এই সপ্তাহের মধ্যে রায়গঞ্জের অন্যান্য স্কুল গুলিতেও পড়ুয়াদের ভ্যাক্সিন দেওয়ার কাজ শুরু হবে। প্রথম দিকে ভয় পেলেও ভ্যাক্সিন নেওয়ার পর খুশী পড়ুয়ারা।

অন্যদিকে সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলের পড়ুয়াদের ভ্যাক্সিন দেওয়ার কাজ শুরু হল রায়গঞ্জ মেডিক্যাল কলেজে। এদিন রায়গঞ্জের সেন্ট জেভিয়ার্স স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ভ্যাক্সিন দেওয়া হয়। পর্যায়ক্রমে অন্যান্য বেসরকারি স্কুলের পড়ুয়াদের ভ্যাক্সিন দেওয়া হবে মেডিক্যাল কলেজে।

স্কুলের শিক্ষিকা সঞ্চিতা বোস বলেন, “দুদিন ধরে আমাদের বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ভ্যাক্সিন দেওয়া হবে। এখানকার ব্যবস্থা খুব ভালো। ভ্যাক্সিন নিতে ছাত্র-ছাত্রীদের কোনো অসুবিধা হয়নি।

কলেজের প্রিন্সিপাল কৌশিক সমাজদার বলেন, “স্বাস্থ্য দপ্তরের নির্দেশে সোমবার থেকে স্কুলে ছাত্র-ছাত্রীদের ভ্যাক্সিন দেওয়ার কাজ শুরু হয়েছে। পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *