যাত্রী বিক্ষোভের জের! লোকাল ট্রেনের সময়সীমা বাড়ল রাত ১০টা পর্যন্ত

রাজেন রায়, কলকাতা, ৩ জানুয়ারি: সন্ধে সাতটা বেজে গেলে চলবে না লোকাল ট্রেন, চিন্তা ছিল যাত্রীদের মধ্যে। আর তার জেরে বিভিন্ন স্টেশনগুলোতে শুরু হয়ে যায় বিক্ষোভ। যাত্রী দুর্ভোগ কমাতে শেষ পর্যন্ত লোকাল ট্রেনের সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নিল পূর্ব রেল। সোমবার থেকেই কার্যকর হবে নতুন নিয়ম। প্রান্তিক স্টেশন থেকে শেষ ট্রেনটি ছাড়বে রাত ১০টায়।

রাজ্যজুড়ে সোমবার থেকে কার্যকর হয়েছে একাধিক বিধিনিষেধ। সেই বিধিনিষেধের কথা মাথায় রেখে লোকাল ট্রেনের পরিষেবাও সংক্ষিপ্ত করা হয়। সোমবার প্রান্তিক স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়ার কথা ছিল সন্ধে সাতটা। এদিন যাত্রী বিক্ষোভ এবং পরিচিতি বিচার করে তা আরও তিন ঘণ্টা পিছিয়ে দেওয়া হল। 

সন্ধ্যা সাতটায় শেষ ট্রেন ধরার জন্য শিয়ালদহ এবং হাওড়ার লোক উপচে পড়েছিল। মাতৃভূমি লোকাল, যা শুধুমাত্র মহিলা নিত্যযাত্রীদের কথা মাথায় রেখে শুরু হয়েছিল, সেই ট্রেনেও দেখা গেল পুরুষ যাত্রীদের। করোনা সংক্রমণ রুখতে দূরত্ব বিধির ওপর লাগাতার গুরুত্ব আরোপ করা হয়েছে। কিন্তু সন্ধে সাতটায় শেষ ট্রেন হওয়ায় দূরত্ববিধি কার্যত লাটে ওঠে। ট্রেন থেকে পড়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। একটি স্টেশনে নয়, একাধিক স্টেশন থেকে এসেছে দুর্ঘটনার খবর। 

ট্রেনের সময়সীমা বৃদ্ধির খবর ইতিমধ্যেই প্রতিটি স্টেশনে মাইকের মাধ্যমে শুরু হয় প্রচার। জানিয়ে দেওয়া হয়, অযথা হুড়োহুড়ির প্রয়োজন নেই। শেষ লোকাল ট্রেনের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে।  যদিও পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লেগে যায় আরো বেশ কিছুক্ষণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *