আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩ জানুয়ারি: গোটা রাজ্যের সাথে জলপাইগুড়ি জেলাতেও শুরু হল ১৫ থেকে ১৮ বছরের ছাত্র ছাত্রীদের করোনার ভ্যাক্সিন দেওয়ার কাজ।শহরের ফণিন্দ্রদেব বিদ্যালয়ে আজ থেকে আগামী তিন দিনের জন্য শুরু হল ভ্যাক্সিন ক্যাম্প। এই বিদ্যালয়ে প্রতিদিন ১০০জন ছাত্রকে দেওয়া হবে এই ভ্যাক্সিন। আজ একাদশ শ্রেণি ও দ্বাদশ শ্রেণির ছাত্রদের দেওয়া হয় ভ্যাক্সিন৷ তিন দিন এই বিদ্যালয়ে এই ক্যাম্প হওয়ার পর শহরের অন্য একটি বিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে ভ্যাক্সিন ক্যাম্প।

জলপাইগুড়ির সদর মহকুমা শাসক সুদীপ পাল ও পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা এই ক্যাম্পে এসে ছাত্র ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন ও খোঁজ খবর নেন। ভ্যাক্সিন পেয়ে খুশি বিদ্যালয়ের ছাত্র ও তাদের অভিভাবকরা৷ ঘোষণা মতো আজ সকাল ১১.৩০ থেকে ভ্যাক্সিন ক্যাম্পের সূচনার কথা থাকলেও কিছু সময় পরে এই ক্যাম্পে ছাত্রদের ভ্যাক্সিন দেওয়া কাজ শুরু হয়৷

