২২ জানুয়ারিই চার পুরসভার নির্বাচন হচ্ছে, মিছিল-র‌্যালিতে নিষেধাজ্ঞা কমিশনের

আমাদের ভারত, ৩ জানুয়ারি: ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। রাজ্যজুড়ে উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে। তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে যে কোনও মুহূর্তে। তারমধ্যে পুরভোট হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সোমবার নবান্নের সঙ্গে বৈঠকের পর নির্বাচন কমিশন জানিয়ে দিল ২২ জানুয়ারিই, শিলিগুড়ি, চন্দননগর, বিধাননগর, আসানসোলে পুরভোট হবে। তবে একাধিক বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

রবিবার নবান্ন থেকে মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী নয়া কোভিড বিধি নিষেধ নিয়ে সাংবাদিক বৈঠক করার সময় জানতে চাওয়া হয়েছিল ৪ পৌরসভার ভোটের কি হবে? তার জবাবে মুখ্য সচিব জানিয়েছিলেন, ভোটের বিষয়ে রাজ্য নির্বাচন কমিশন সবটা জানাবে। আজ নির্বাচন কমিশন নবান্নের সঙ্গে বৈঠকের পর জানিয়ে দিল, ২২ জানুয়ারিই ৪ পুরসভার ভোট হবে। তবে প্রচারে অনেক বিধি-নিষেধ বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন।

বাইক, সাইকেল এমনকি পায়ে হেঁটে কোনো রকম মিছিল করা যাবে না। প্রার্থীসহ সর্বাধিক পাঁচজন একসাথে বাড়ি বাড়ি প্রচার করতে যেতে পারবেন। বড় মাঠে সর্বাধিক ৫০০ জনকে নিয়ে সভা করা যাবে। কোনো হলে আসন সংখ্যার ৫০% লোক নিয়ে মিটিং করা যাবে।

ইতিমধ্যেই যদি কোনো পদযাত্রা বা মিছিলের অনুমতি নেওয়া থাকে তাহলে তা প্রত্যাহার করে নেওয়া হল এই নির্দেশিকার পরেই। রাত আটটা থেকে পরের দিন সকাল ন’টা পর্যন্ত কোনো প্রচার কর্মসূচি করা যাবে না। সমস্ত বুথ স্যানিটাইজ করতে হবে। যারা বুথে ঢুকবেন তাদের মাস্ক পরা বাধ্যতামূলক। থার্মাল চেকিংয়ের বন্দোবস্ত রাখতে হবে। কোভিড আক্রান্তরা ভোটের দিন শেষ ঘন্টায় নিজের বুথে ভোট দিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *