মৃত স্বামীর ইচ্ছে পূরণ, পুরুলিয়ার প্রত্যন্ত এলাকায় ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের জন্য অ্যাম্বুলান্স দান স্ত্রীর

সাথী দাস, পুরুলিয়া, ১৩ জুলাই: স্বামীর শেষ ইচ্ছা পূরণে করোনা আবহে পুরুলিয়া জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য অ্যাম্বুলান্স প্রদান করলেন স্ত্রী শিখা বন্দ্যোপাধ্যায়।

বলরামপুরের বাসিন্দা প্রাক্তন শিক্ষিকা শিখা বন্দ্যোপাধ্যায়ের স্বামী মহাদেব বন্দ্যোপাধ্যায় মারা গিয়েছেন গত কয়েকমাস আগে। স্বর্গীয় মহাদেববাবুর শেষ ইচ্ছে ছিল করোনা আবহে প্রত্যন্ত গ্রামাঞ্চলে চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়া। সেকথা মাথায় রেখেই স্বামীর সেই শেষ ইচ্ছে পূরণ করলেন স্ত্রী শিখা বন্দ্যোপাধ্যায়। ভারত সেবাশ্রম সংঘের পুরুলিয়া জেলা শাখাকে অ্যাম্বুলান্স প্রদান করলেন তিনি।

যেহেতু বর্তমান করোনা আবহে স্বাভাবিক হয়নি গণ পরিবহন ব্যবস্থা। চিকিৎসা পরিষেবা পেতে সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে। তাই এই অ্যাম্বুলান্সের মাধ্যমে পুরুলিয়ার জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলিতে গিয়ে ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছেন ভারত সেবাশ্রম সংঘের সদস্যরা। স্বামীর শেষ ইচ্ছে পূরণ করতে পেরে খুশি শিখা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *