জলস্তর বাড়ছে সুবর্ণরেখার, আতঙ্কে নদী তীরবর্তী এলাকার মানুষ

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৮ মে:
ঘূর্ণিঝড় যসের পরবর্তী সময়ে ঝাড়খন্ড রাজ্যে প্রবল বৃষ্টির কারণে গালুডি ব্যারেজ থেকে ১ লক্ষ ৩৫ কিউসেক জল ছাড়ার ফলে প্রশাসনের সতর্ক বার্তা অনুযায়ী বাড়ল সুবর্ণরেখা নদীর জল। গালুডি থেকে জল ছাড়ার ফলে বৃহস্পতিবার গভীর রাত থেকে ক্রমশ জল বাড়তে থাকে সুবর্ণরেখা নদীর জল। নদীর জলস্তর বাড়ার ফলে ঝাড়গ্ৰাম জেলার গোপীবল্লভপুর ১ এবং ২, সাঁকরাইল এবং নয়াগ্ৰাম ব্লকের বেশকিছু নিচু জায়গা বন্যায় প্লাবিত হয়ে পড়ে। সুবর্ণরেখা নদীর হঠাৎ করে এই জলস্তর বেড়ে যাওয়ার ফলে নদী তীরবর্তী এলাকার মানুষজন যেমন প্লাবনের আশঙ্কায় আতঙ্কিত তেমন নদী তীরবর্তী এলাকার মানুষকে গত বৃহস্পতিবার বিকাল থেকে নদীর জলে নামতে নিষেধ করে সতর্ক করে চলেছে নদী তীরবর্তী এলাকার সমস্ত ব্লক প্রশাসন। প্রশাসনের তরফ থেকে ভিআরপি কর্মীরা আগামী দুদিন সুবর্ণরেখা নদী তীরবর্তী মানুষজনকে সতর্ক থাকতে অনুরোধ করছেন। বৃহস্পতিবার মাঝ রাত থেকে শুক্রবার বেলা ১টা পর্যন্ত অনবরত জল বাড়তে থাকে, ফলে সুবর্ণরেখা নদী তীরবর্তী গোপীবল্লভপুর, সাঁকরাইল এবং নয়াগ্ৰামের বাসিন্দারা কিছুটা চিন্তায় পড়ে যান ঝড় পরবর্তী সময়ে বিপর্যয়ের আশঙ্কা করে।

তবে এদিন গোপীবল্লভপুরে নিযুক্ত সেন্ট্রাল ওয়াটার কমিশনের কর্মী অক্ষয় রানা জানান, নদীর জল শুক্রবার দুপুর থেকে আর বাড়ার সম্ভাবনা নেই, কারণ গালুডি নতুন করে জল ছাড়ছে না।ফলে আগামী তিন ঘন্টার মধ্যে সুবর্ণরেখা নদীর জল ক্রমশ কমতে শুরু করবে। গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও দেবজ্যতি পাত্র বলেন, ঝাড়খণ্ডের গালুডি জলাধার থেকে তিন লক্ষ কিউসেক জল ছাড়ার কথা থাকলেও ওরা এখনো পর্যন্ত ১ লক্ষ ৩৫ হাজার কিউসেক জল ছেড়েছে ওখানে নতুন করে বৃষ্টি না হওয়ায় আর জল ছাড়ার কোনও সম্ভাবনা নেই বর্তমান নদীতে যা জল আছে তা অনেকটাই বিপদ সীমার নিচে তাই নতুন করে প্লাবনের আশঙ্কা নেই। তবুও আমরা বারে বারে সাধারণ মানুষকে সচেতন করছি এবং তারাও আমাদের সাথে সহযোগিতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *