ব্যারাকপুর ও টিটাগড় পৌর এলাকার জমা জলের সমস্যা সমাধানে এলাকা পরিদর্শনে বিধায়ক রাজ চক্রবর্তী

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ২৮ মে:
ব্যারাকপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের জল জমার সমস্যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যে সেই ওয়ার্ডের পরিদর্শনে গিয়ে দ্রুত জমা জলের সমস্যার সমাধান করার আশ্বাস দিলেন বিধায়ক রাজ চক্রবর্তী।

ব্যারাকপুর শিল্পাঞ্চলে বৃহস্পতিবার সকাল থেকে হওয়া একটানা বর্ষণে নাকাল হয়ে পড়ে জনজীবন। ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন এলাকায় জল জমে যায়, এমন কি অনেকের বাড়িতেও জল ঢুকে যায়। সেই পরিস্থিতিতে বিধায়কের কাছে সাহায্য চেয়ে ফেস বুক লাইভ করেন ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সপ্তর্ষি ব্যানার্জি। সেই পোস্টে অনেক ব্যক্তি রাজ চক্রবর্তী কে নিয়ে কটূক্তি করতে থাকেন। তখন তিনি সকলকে বলেন শুক্রবার তিনি ওই ওয়ার্ডের পরিদর্শনে যাবেন। সেই কথা মত এদিন বিধায়ক শুধু ২২ নম্বর ওয়ার্ডই নয় ব্যারাকপুর পৌরসভার অনেক জায়গা ঘুরে দেখেন এবং খুব শীঘ্রই এই জল জমার সমস্যা সমাধান করার আশ্বাস দেন।

সেই সঙ্গে যস পরবর্তী পরিস্থিতি পরিদর্শন করতে এদিন টিটাগড় পৌরসভার বিভিন্ন এলাকায় যান রাজ চক্রবর্তী। এদিন তিনি জল জমার সমস্যা খতিয়ে দেখে মানুষকে আশ্বাস দিলেন যে পরবর্তী বর্ষায় তাদের আর এই জল সমস্যায় ভুগতে হবে না, তার আগেই তিনি ব্যবস্থা করে দেবেন। বিশেষ করে ঝড় হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় টিটাগড় পিল্লাম বাড়ি এলাকার কথা তাকে কেউ জানায়, সে কথা শুনেই বিধায়ক স্বয়ং হাজির হন সেখানে। কিন্তু তার আগেই সেই জায়গার জল সাধারণ মানুষ পাম্পের মাধ্যমে বের করে দিয়েছেন। মানুষকে আশ্বাস দেন এই সমস্যার সমাধান তিনি খুব তাড়াতাড়ি করবেন। তিনি বলেন, “আমি নতুন নির্বাচিত, তাই এখনো কোথায় কোথায় জল জমে তা জানতাম না। তবে কিছু কাজ শুরু করেছি। জল জমার সমস্যা খুব শীঘ্রই মিটিয়ে দিতে পারব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *