উত্যক্ত করতে গিয়ে আড়ষায় হাতির আক্রমণে জখম গ্রামবাসী

সাথী দাস, পুরুলিয়া, ২ জুন: দলছুট হাতি লোকালয়ে ঢুকে পড়েছিল। সকাল থেকেই হাতিটি আড়ষা থানার কাঁটাডি এলাকায় দাপিয়ে বেড়ায়। হাতি দেখতে আশপাশের গ্রামের কৌতূহলী মানুষ ছুটে আসেন। হাতি দেখতে এসে বিপত্তি ঘটলো এক গ্রামবাসীর। কাছে পেয়ে এক ব‍্যক্তিকে আছাড় মারলো ওই দলছুট বিরক্ত হাতিটি। গুরুতরভাবে জখম ওই ব‍্যক্তি বর্তমানে পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুরুলিয়া বনবিভাগের অন্তর্গত আড়ষা রেঞ্জের আধিকারিক ফারুক আহেম্মেদ জানান, হাতিটি দল ছুট হয়ে কাঁটাডি লোকালয়ে ঢুকে পড়ে। সামনেই রেল লাইন ছিল। যদিও লাইন অতিক্রম করেনি হাতিটি। গ্রামবাসীর সাহায্যে বনকর্মীরা হাতিটিকে মুদালি এলাকার পাশ দিয়ে অযোধ্যা পাহাড়ের দিকে পাঠানোর চেষ্টা করেন। তাড়া করে নিয়ে যাওয়ার সময় পিছু পিছু কিছু লোক ধাওয়া করেন। সেই সময় হাতিটি পিছু ফিরে ওই ব‍্যক্তিকে আছাড় মারে। আহত প্রৌঢ়ের নাম উকিল হেমব্রম। তার বাড়ি আড়ষা থানার রাধানগর গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *