জামবনীর চিঁচড়া গ্রাম পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে প্রধানকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের

অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১৮ আগস্ট: ঝাড়গ্রাম জেলায় রয়েছে কেন্দ্রীয় প্রকল্পের কাজ খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় প্রতিনিধি দল। তারই মাঝে গতকাল গভীর রাতে ঝাড়গ্রাম জেলার জামবনী ব্লকের চিঁচড়া গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির ফাইল লোপাট করার উদ্দেশ্যে পঞ্চায়েত অফিসে দুজন কর্মী গভীর রাত পর্যন্ত কাজ করছিল এমনই অভিযোগ বিজেপি ও গ্রামবাসীদের। রাতেই পুলিশ ডেকে পঞ্চায়েত অফিসে তালা লাগায় তারা। বৃহস্পতিবার সকালেও তালা খোলা হয়নি। পঞ্চায়েতের কর্মী কাজে এলেও ঢুকতে পারেনি অফিসে।উল্টে প্রধানকে ঘিরে বিক্ষোভ চলে। বিক্ষোভকারীদের বক্তব্য, প্রশাসনের লোকজন এসে এই বিষয় তদন্তের নির্দেশ দিক। তারপর তালা খোলা হবে গ্রাম পঞ্চায়েত অফিসের।

বুধবার থেকে পঞ্চায়েতের কাজ কর্ম খতিয়ে দেখতে কেন্দ্রীয় টিম ঝাড়গ্রাম জেলায় রয়েছে। আর তারই মাঝে গতকাল গভীর রাতে চিঁচড়া পঞ্চায়েত অফিসের দু’জন কর্মী অফিসের মধ্যে কাজ করছিলেন। এর পরেই বিজেপি কর্মীরা কিছু গ্রামবাসীদের নিয়ে ঐ পঞ্চায়েত অফিসে জড়ো হয়। তারা অভিযোগ করেন, কাজের কারচুপি ঢাকতে ফাইল লোপাটের জন্য রাতে কাজ চলছে পঞ্চায়েতে। তারপরেই পুলিশের হস্তক্ষেপে রাতে অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়। আজ সেই তালা খোলেনি।

আযদিও চিঁচড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চানন মান্ডি জানিয়েছেন, কোভিডের জন্য সমস্ত পরিষেবা চালু থাকলেও অফিসের কাজ বন্ধ ছিল। সেই কাজ গোছানোর জন্য অতিরিক্ত সময়ে কাজ করে খাতা রেডি করা হচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *