আমাদের ভারত, ১৮ আগস্ট: কাউন্ট ডাউন সবে শুরু হয়েছে। এমন দিন আসছে যখন আলিপুর জেলে গিয়ে তৃণমূলের সরকারের ক্যাবিনেট মিটিং করতে হবে। এভাবেই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি আহ্বান জানান, এই দুর্নীতিবাজ সরকারকে ২৬ সালের আগেই বিসর্জন দিতে হবে।
সুকান্ত মজুমদার বলেন, “এই সরকার বেশিদিন টিকতে পারে না। ইতিমধ্যেই রাজ্যে রাজনৈতিক পরিবর্তন হতে শুরু করেছে। সেই পরিবর্তনকে লক্ষ্যে আমাদের পৌঁছে দিতে হবে।” তিনি আহ্বান জানান, “২৬ সাল আসার আগে এই সরকারকে গঙ্গার জলে আমাদের বিসর্জন দিতে হবে।” কটাক্ষের সুরে সুকান্ত মজুমদার বলেন, “আর কিছুদিনের মধ্যেই সরকারের এমন দিন আসবে এই সরকারের ক্যাবিনেট মিটিং আলিপুর জেলে বসে করতে হবে। সবে কাউন্টডাউন শুরু হয়েছে।”
দুর্নীতির দায়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন। গরু পাচার মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল সিবিআই হেফাজতে আছে। এই পরিস্থিতিতে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতারা। সুকান্ত মজুমদার বলেন, “বিজেপি দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে বিভিন্ন পদযাত্রা বাইক মিছিল করছে। আর ঠিক একই সময়ে শাসক দল তৃণমূল ও র্যালি করেছে। তারা তখন চোর বাঁচাও যাত্রা করেছে।”
বিজেপি নেতা বলেন, “যে আশা নিয়ে মানুষ তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছিল। সেই আশাকে পদদলিত করে তারা একের পর এক দুর্নীতিতে রেকর্ড গড়ে চলেছে।”
তাই এই দুর্নীতির বিরুদ্ধে লাগাতার আন্দোলনের শুরু করেছে বিজেপি। দলের কর্মীদের মনোবল বাড়াতে লড়াইয়ে টিকে থাকার আহ্বান জানিয়েছেন সুকান্ত মজুমদার। তাঁর বার্তা লড়াইয়ে টিকে থাকতে আত্মরক্ষা করতে হবে দলের কর্মীদের। কারণ এটি সংবিধান সম্মত অধিকার। আর সেক্ষেত্রে দল তাদের পাশে থাকবে। তিনি মনে করিয়ে দিয়েছেন, “ভারতের সংবিধান সকলকে আত্মরক্ষার অধিকার দিয়েছে। সেই অধিকারকে প্রয়োগ করতে হবে। দল কর্মীদের পাশে দাঁড়াবে। কোনোভাবেই লড়াই থেকে পিছিয়ে আসা যাবে না।”

