আমাদের ভারত, ১৮ আগস্ট: অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারের পর মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন কেষ্ট কি এমন করেছে? এর পাল্টায় সুকান্ত মজুমদার বলেছেন, অনুব্রত মণ্ডল বীরভূমের হাঙ্গরে পরিণত হয়েছে। যে এক সময় হাটে বসে মাগুর মাছ কাটতো সে এখন পুরো বীরভূমকে গিলে খেতে চাইছে।
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের পর দল কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় কেউ তার পাশে দাঁড়ায়নি। কিন্তু অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে তৃণমূল সুপ্রিমোকে ভিন্ন অবস্থান নিতে দেখা গেছে। স্বাধীনতা দিবসের আগে একটা সভায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
প্রশ্ন তুলেছেন কেষ্ট কি এমন করেছে। তাকে গ্রেফতার করলেন আপনারা? এর উত্তরে সুকান্ত মজুমদার বলেন, “কেষ্ট তেমন কিছু করেনি। বেনামে ১০০ টি ডাম্পারের মালিক। ৬-১০ টা পেট্রোল পাম্প আছে। আর সারা বীরভূম জুড়ে কত রাইস মিল আছে তার তার কোনো হিসাব নেই। যে একসময় হাটে বসে মাগুর মাছ কাটতো সে এখন হাঙরে পরিণত হয়েছে। গোটা বীরভূম জেলাতে যা আছে সব সে গিলে খাবে।”
অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের ঘটনার বিরোধিতা করে মুখ্যমন্ত্রী বলেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কেষ্ট পথে নামবে। এর জবাবে বিজেপি রাজ্য সভাপতি বলেন, “আমরা জানি তৃণমূল কংগ্রেস চোর তৈরি হবার শিক্ষা দেয়। কালীঘাটে চোর তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। কিভাবে জনগণের টাকা লুঠ করা হবে, কিভাবে অল্প সময়ে রাজনীতি করে বড়লোক হতে হবে সব পথ দেখিয়ে দেয়।”
শোনা যাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় নাকি জেলে গিয়েও নানা ধরনের খাবারের আবদার করছেন। এই বিষয়ে সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন, “জেলে গিয়েও প্রাক্তন শিক্ষামন্ত্রীর আব্দারের শেষ নেই। জেলে গিয়েও পাঠার মাংস খাওয়ার আবদার করছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাই কেষ্ট পাঠাকে পাঠালাম জেলে। নে এবার পাঁঠার মাংস খা।”

