“কেষ্ট পাঁঠাকে পাঠালাম নে এবার খা,” জেলে পার্থর পাঁঠার মাংস খাওয়ার আবদার প্রসঙ্গে চুড়ান্ত কটাক্ষ সুকান্ত’র

আমাদের ভারত, ১৮ আগস্ট: গরু পাচার মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই। তার আগে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেল হেফাজতে আছে। শোনা যাচ্ছে জেলে গিয়েও তার রসনার চাহিদা কমেনি। তিনি পাঁঠার মাংস খাওয়ার আবদার জানিয়েছেন। আর এই ঘটনার সাথে অনুব্রত মণ্ডলের সিবিআই হেফাজতকে জুড়ে দিয়ে চুড়ান্ত কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার।

ইডি হেফাজতে থাকার সময়েও খাবার নিয়ে নিত্য নতুন বায়ানাক্কা করতেন নাকি পার্থ চট্টোপাধ্যায়। এখন জেল হেফাজতে গিয়েও নাকি তার সেই বায়নায় বিরতি পড়েনি। দুর্নীতির দায়ে তিনি জেলে অথচ সেখানেও পাঁঠার মাংস ছাড়া তার চলছে না। এই ঘটনার সাথে অনুব্রত মণ্ডলের গ্রেপ্তার হওয়াকেও জুড়ে দিয়ে চুড়ান্ত কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। দলের একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন,
“শোনা যাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় নাকি জেলে গিয়েও নানা ধরনের খাবারের আবদার করছেন। জেলে গিয়েও প্রাক্তন শিক্ষামন্ত্রীর আব্দারের শেষ নেই। জেলে গিয়েও পাঁঠার মাংস খাওয়ার আবদার করছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাই কেষ্ট পাঁঠাকে পাঠালাম জেলে। নে এবার পাঁঠার মাংস খা।”

সুকান্ত মজুমদার বলেন, রাজ্যের শাসক দলের দুর্নীতির আখ্যান খোলা‌ শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি এমন পরিস্থিতি তৈরি হবে তখন রাজ্যের ক্যাবিনেট মিটিং করতে হবে আলিপুর জেলে। তার কথায় এই সব কিছু দেখে মুখ্যমন্ত্রীও ভয় পেয়েছেন। সুকান্ত মজুমদার বলেন, “এটা শেষ নয়। এটা সবে শুরু হয়েছে। তাই মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। দিদি বলেছেন, তার বাড়িতে সিবিআই এলে পথে নামবেন তো?” বিজেপি রাজ্য সভাপতি বলেন, “দিদিমণি মনে রাখুন কেউ নামবে না। আপনার চুরির দায় আপনাকেই নিতে হবে। আপনি যদি চুরি করে থাকেন আপনার বাড়িতে সিবিআই যাবে।”

বালুরঘাটের সাংসদ বলেন, ১১ বছর ধরে তৃণমূল কংগ্রেসের তোলাবাজি, ডাকাতি, গুন্ডাগিরি দেখছি। ওদের পাপের ঘড়া পূর্ণ হওয়ার সময় এসেছে। এখনো সংযত হোন না হলে ঘর থেকে রাস্তায় বেরলেই সাধারণ মানুষ জুতো ছুঁড়ে মারবে তৃণমূল নেতাদের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *