সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ২৩ নভেম্বর: ধর্মের গন্ডি পেরিয়ে অবশেষে জয় হল প্রেমের। গত কয়েকদিন ধরে চলা নাটকীয় উত্তেজনার পরিসমাপ্তি হল আজ আদালতে। ভিন ধর্মীয় এক যুবকের সাথে এক মুসলিম যুবতীর প্রেম এবং বিয়েকে কেন্দ্র করে এই ঘটনা।
ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। বাকুঁড়া জেলার ইন্দপুর থানার এক যুবকের সাথে এক যুবতীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যুবকটি পেশায় গৃহ শিক্ষক। যুবতীটি তার কাছে প্রাইভেট টিউশন পড়তো। সেই সূত্রেই তাদের সম্পর্ক গড়ে উঠে।স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে তারা পালিয়ে বিয়ে করে। ভিন ধর্মের ছেলেকে বিয়ে, ব্যাপারটি মেয়ের পরিবার মেনে নিতে পারেনি। তারা ওই যুবকের বিরুদ্ধে মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করে থানায়। বিষয়টি নিয়ে চাপা উত্তেজনারও সৃষ্টি হয়। এরপরই পুলিশ উভয়কে গ্ৰেফতার করে।আজ তাদের খাতড়া আদালতে নিয়ে আসা হলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মেয়েটির পরিবার ও বহু প্রতিবেশী সেখানে জড়ো হয়। আদালতে যুবতীটি স্বীকারোক্তি দেওয়ার পর যুবকটিকে জামিনে মুক্ত করা হয়।

