আমাদের ভারত, আলিপুরদুয়ার, ২৩ নভেম্বর: রেল স্কুল বন্ধ হচ্ছে না, স্পষ্ট জানালেন ডিআরএম দিলীপ কুমার সিংহ। উল্লেখ্য, কদিন আগেই রেলের তরফে এক নতুন নোটিফিকেশন ঘিরে জল্পনা চলছিল হয়তো রেল স্কুল বন্ধ হচ্ছে। এর প্রতিবাদে গর্জে ওঠে তৃণমূল কংগ্রেস। রেলের তরফে আলিপুরদুয়ারের ঐতিহ্যবাহী উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ করে দেওয়ার এক নোটিফিকেশন জারি করা হয় বলে প্রতিবাদ শুরু হয়।

মঙ্গলবার এরই প্রতিবাদে আলিপুরদুয়ার ডিআরএম অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ডিআরএম দিলীপ কুমার সিংয়ের সঙ্গে দেখা করেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বড়াইক সহ অন্যান্য নেতৃত্বরা।আলিপুরদুয়ারের ঐতিহ্যবাহী এই স্কুল যাতে বন্ধ না হয়, পাশাপাশি স্কুলকে হেরিটেজ হিসাবে ঘোষণা করা এবং রেল এলাকার বিভিন্ন রাস্তা মেরামতের দাবি জানান তারা।
ডিআরএম দিলীপ কুমার সিং স্পষ্টভাবেই জানান, স্কুল বন্ধ হচ্ছে না। তবে উন্নতি প্রকল্পের বিভিন্ন কাজ হবে। প্রয়োজনে কেন্দ্রীয় বিদ্যালয়ের সঙ্গে সংযুক্তিকরণ করে এই বিদ্যালয় চলবে এবং ভবিষ্যতে ভালো জায়গায় পৌঁছাবে। তবে রেল স্কুল বন্ধ হচ্ছে না বলেই স্পষ্টভাবে জানান তিনি।

