সাথী দাস, পুরুলিয়া, ২৩ নভেম্বর: অন্যের (রায়তি) জমিতে বেআইনীভাবে খাদান তৈরী ও সেই জমিতে বিস্ফোরণ করার অভিযোগে বিজেপির পঞ্চায়েত সদস্য ও তাঁর ভাই গ্রেফতার হলেন।
বরাবাজার থানার লটপদা অঞ্চলের ধারগ্রামের বাসিন্দা বিশ্বজিৎ মাহাতো সহ ৫ জনের প্রায় ৭২ বিঘা জমির মধ্যে বেশ কিছুটা অংশে লটপদা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য ধারগ্রামের বাসিন্দা দুবরাজ সিং লায়া ও তার ভাই প্রাণ কৃষ্ণ সিং লায়া জোর করে বেআইনী খাদান তৈরী করে বলে অভিযোগ। পুলিশ একটি অভিযোগ দায়ের করেই ছেড়ে দেয়। পুলিশের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠছিল। তারমধ্যেই ওই বেআইনী খাদানে গত ২০ তারিখ সন্ধ্যায় বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ধারগ্রাম, তালাডি সহ পাশের রাজ্য ঝাড়খণ্ডের হুরুমবিল গ্রামের অনেক বাড়িতে ফাটল ধরে। সেই দিন রাত্রেই গ্রামের বাসিন্দারা বেআইনী খাদানে বিক্ষোভ দেখান। ২০ তারিখ রাতেই গ্রামবাসীরা বরাবাজার থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরেও পুলিশ অভিযুক্তদের না গ্রেফতার করায় এলাকায় ক্ষোভ বাড়ছিল। অবশেষে গতকাল রাতেই বিজেপির পঞ্চায়েত সদস্য ও তাঁর ভাইকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মাইন্ড এন্ড মিনারেল অ্যাক্ট সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। ধৃতদের জেলা আদলতে তোলা হলে বিচারক তাদের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

অভিযুক্ত দুবরাজ সিং লায়া বলেন, “ওই জমি আমাদের, কিন্তু তাতে বিস্ফোরণ বাইরের লোকজন করে।”
বরাবাজারের জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের সদস্য শশধর মুদি বলেন, “২০ তারিখ রাত্রে লটপদা অঞ্চলে বেআইনি খাদানে বিজেপি প্রভাবিত এলাকায় বিস্ফোরণে কেপে ওঠে। পুলিশ প্রশাসন ভ্রুক্ষেপ করে না। ওই এলাকায় বহু বেআইনী খাদান রয়েছে, সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে।”
জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি বলেন, “আমি নিজে ওই এলাকায় বেআইনী খাদানে পরিদর্শন করে এসেছি। বার বার প্রশাসনকে চিঠি দিয়ে বন্ধ করতে বলেছি, কিন্তু বন্ধ হয়নি। প্রশাসন ভিতু। আর আমার দিকেই আঙুল তোলে। আমি জানি বিজেপির লোকজন এই খাদান চালায় কিন্তু বলেও কোনো কাজ হচ্ছে না।”

