শুক্রবার থেকে লাইন দিয়ে থেকেও সোমবার মিলল না ভ্যাকসিন, বিক্ষোভ বরানগর হাসপাতালে

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৬ জুলাই: শুক্রবার থেকে হাসপাতালে এসে ভ্যাকসিনের জন্য বসে থেকেও কুপন না মেলায় বিক্ষোভ দেখালেন ভ্যাকসিন নিতে আসা মানুষজন।

সোমবার সকালে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে দীর্ঘ লাইন পড়ে ভ্যাকসিন নেওয়ার জন্য। গত শুক্রবার থেকে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে লাইন দিয়ে আছে ভ্যাকসিন গ্রাহকরা, কিন্তু মিলছে না ভ্যাকসিন। এমন কি অনেকেই পালা করে সেখানে থাকছেন যাতে একটি ভ্যাকসিন পাওয়া যায়। আর সকালে হাসপাতাল খোলার সাথে সাথে লাইন পড়ে যায়। লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের অভিযোগ, তারা ভ্যাকসিন পাচ্ছেন না ভেতর থেকেই কুপন তুলে নিচ্ছে কেউ। অথচ তারা রাত জেগে একটি কুপনের আশায় দাঁড়িয়ে রয়েছেন কিন্তু মিলছে না কুপন। এরপরেও কুপন না পেয়ে ভ্যাকসিনের জন্য শুক্রবার থেকে অপেক্ষা করা ব্যক্তিরা বিক্ষোভ দেখাতে শুরু করে হাসপাতালের গেটের সামনে।

যদিও আজ সকাল থেকে তারা লাইনে দাঁড়িয়ে আছে হাসপাতালে গেটের সামনে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কুপন দেবে এবং আগামীকাল তারা ভ্যাকসিন দিতে পারবে হাসপাতাল কর্তৃপক্ষের থেকে এমন কোনও আশ্বাস না মেলায় তারা গেটের বাইরে বসে পড়েন। এদিন ভ্যাকসিনের লাইনে দাঁড়িয়ে থেকেও কুপন না পাওয়া ব্যক্তিরা বলেন, “আমরা গরিব মানুষ সরকারের দেওয়া ভ্যাকসিন আমরা নেব বলে এসছি, কেউ শুক্রবার আবার কেউ শনিবার থেকে লাগাতার বসে আছি ভ্যাকসিন নেব বলে অথচ আজ আমরা লাইনে দাঁড়িয়েও আমাদের পেছনে সরিয়ে দিয়ে নিজেদের লোকদের ভ্যাকসিনের লাইনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এখানে ভ্যাকসিনের লাইনে বিক্রি হয়ে যাচ্ছে।”

অপর দিকে বরানগরের ওয়ার্ড কোঅর্ডিনেটর অঞ্জন পাল এই অভিযোগ খারিজ করে বলেন, “ভ্যাকসিন প্রয়োজনের তুলনায় কম আসছে তাই যত গণ্ডগোল হচ্ছে। যেখানে ২০০ টা টিকা আসছে সেখানে ৬০০ জনের লাইন পড়ছে যার জন্য ভ্যাকসিন দেওয়ার অসুবিধা হচ্ছে। তবে ভ্যাকসিনের লাইনে কারা দাঁড়াচ্ছে কারা ঢুকে পড়ছে এসব দেখা পৌরসভা বা হাসপাতাল কর্তৃপক্ষের কাজ নয়। এটা নিজেদের করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *