গোপীবল্লভপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিক্ষোভ, ৯ নং রাজ্যে সড়ক অবরোধ

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৬ জুলাই: উচ্চ মাধ্যমিকে ফেল করা ছাত্রছাত্রীদের পাশ করানোর দাবিতে দু’দিন ধরে রাজ্য জুড়ে যে বিক্ষোভ চলছে তার আঁচ এবার এসে পৌঁছাল গোপীবল্লভপুরের বুকে। পরিক্ষায় পাশ করানোর দাবিতে পাঁচকাহানীয়া হাইস্কুলের একদল ছাত্রছাত্রী সোমবার স্কুলের সামনে পথ অবরোধ শুরু করল।

ছাত্রছাত্রীদের দাবি, উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরনোর আগে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল করোনা পরিস্থিতিতে এবছর যেহেতু কোনও পরীক্ষা হচ্ছে না তাই সবাইকে পাশ করানো হবে। কিন্তু রেজাল্ট বেরোনোর পর দেখা যায় পাঁচকাহানীয়া হাইস্কুলের প্রায় ৩৪ জন ছাত্রছাত্রীকে পাশ করানো হয়নি। তাই পরীক্ষা বিহীন উচ্চ মাধ্যমিকের ফলাফলে পাশ করানোর দাবিতে এদিন সকাল থেকে পাঁচকাহানীয়া হাইস্কুলের সামনে একদল ছাত্রছাত্রী বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভের জেরে গোপীবল্লভপুর থেকে হাতিবাড়ি গামী ৯নং রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় প্রায় চার ঘণ্টা যান চলাচল একপ্রকার বন্ধ হয়ে যায়। প্রচুর ঝাড়খন্ড ও ওড়িশা গামী গাড়ি আটকে পড়ে রাস্তার উপর। বিক্ষোভের জেরে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে ছাত্রছাত্রীদের বলা হয় মাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষার রেজাল্টের কপি স্কুলে জমা দিলে স্কুল থেকে কাউন্সিলে কপি পাঠানো হবে এবং নিয়মমাফিক স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের পাশ করানোর চেষ্টা করবে।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির জন্য এবছর মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের পরিক্ষা নেয়নি শিক্ষা দফতর। আগের বছরের ফলাফল দেখে ছাত্রছাত্রীদের পাশ করানোর সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কাউন্সিল। কিন্তু উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর রাজ্যজুড়ে অকৃতকার্য ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেছে গত দুদিন ধরে। ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক বোর্ড ছাত্রছাত্রীদের অভিযোগ স্কুলের মাধ্যমে জমা দিলে বিবেচনার আশ্বাসও দিয়েছে। আর এবার সেই বিক্ষোভের আঁচ এসে পৌঁছাল ঝাড়গ্ৰাম জেলার প্রত্যন্ত গোপীবল্লভপুরের পাঁচকাহানীয়া হাইস্কুলের ছাত্রছাত্রীদের উপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *