সাথী দাস, পুরুলিয়া, ২৬ জুলাই: স্কুল কলেজে ভর্তির ফি মকুব করা, ছাত্র-ছাত্রীদের করোনা প্রতিষেধক টিকা দেওয়া, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে ভর্তির ব্যবস্থা করা সহ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে আন্দোলনে নামল ডিএসও। এদিন বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত ব্যানার ও পোস্টার হাতে নিয়ে পুরুলিয়া শহরে মিছিল করেন ওই ছাত্র সংগঠনের কর্মী সমর্থকরা। পরে জেলা স্কুল পরিদর্শক ভবন অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা। সেখানে একই দাবি দাওয়া নিয়ে স্মারকলিপিও জমা দেন স্কুল পরিদর্শকের কাছে।

সংগঠনের পুরুলিয়া জেলা সম্পাদক বিকাশ কুমার হুঁশিয়ারি দিয়ে বলেন, “অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান চালু সহ স্কুল কলেজের ফি মকুব না করলে আরও বৃহত্তর আন্দোলনে নামব আমরা।”
প্রসঙ্গত, সারা রাজ্যে আংশিক লকডাউন চলছে। করোনা আবহে সম্প্রতি আক্রান্তের হার বাড়ায় উদ্বেগে রয়েছে প্রশাসন। এই অবস্থায় স্কুল খুলে পঠন পাঠন কতটা যুক্তি যুক্ত তা সিদ্ধান্ত নেবে রাজ্য। তবে, অন্তত দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য স্কুল কলেজে ভর্তির ফি মকুব করা, ছাত্র-ছাত্রীদের করোনা প্রতিষেধক টিকা দেওয়া, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে ভর্তির ব্যবস্থা করার দাবিকে সমর্থন জানাচ্ছেন অভিভাবকরা।

