নিতুরিয়ার গোড়াবাড়িতে পুকুরের দূষিত জল ব্যবহার করে অসুস্থ হচ্ছেন বাসিন্দারা, আমূল সংস্কারের দাবি

সাথী দাস, পুরুলিয়া, ২৬ জুলাই: জেলার রঘুনাথপুর মহকুমার অন্তর্গত দিঘা গ্রাম পঞ্চায়েতের গোড়াবাড়ি গ্রামে একটি মাত্র পুকুর। সেই পুকুর থেকেই জল নিয়ে রান্না করা থেকে শুরু করে দৈনন্দিন সমস্ত কাজে ব্যবহার করেন গ্রামবাসীরা। কিন্তু দীর্ঘদিন ধরে সেই পুকুরে নর্দমার বিষাক্ত জল ঢুকে যাওয়ায় অসুস্থ হয়ে পড়ে কয়েক জন, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের।

গ্রামবাসীরা জানান বহু আগে দিঘা গ্রাম পঞ্চায়েতে লিখিত অভিযোগ জানিয়েছেন তারা কিন্তু পঞ্চায়েত বা নিতুরিয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিস থেকে কোনও রকম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি ১০০ দিনের কাজে সেই পুকুর সংস্কার করাও হয়নি। তাছাড়াও পঞ্চায়েতের সদস্য বা প্রধান কোনও দিন এই অসুবিধার কথা গ্রামবাসীর মুখ থেকে শুনতেও চাননি। এই নিয়ে ক্ষোভ দানা বাঁধছে গ্রামবাসীর মধ্যে।

এই বিষয়ে দিঘা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেক রশিদ জানিয়েছেন, গ্রামবাসীদের লিখিত যে অভিযোগ পঞ্চায়েতে জমা দেওয়া হয়েছে সেই সম্বন্ধ্যে তিনি জানেন না। যদিও তিনি পরে সাফাই দিয়ে বলেন, “আমাদের এই প্রকল্পের কাজ করার মতো আর্থিক পরিস্থিতি নেই।”

গ্রামবাসীদের এই দাবি পঞ্চায়েত সমিতির সদস্য অমর মাজি এবং পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল কুমার রাউত জানেন। কিন্তু তাঁরা কর্ণপাত করেনি বলে গ্রামবাসীদের অভিযোগ। যদিও আজ কর্মাধ্যক্ষ নির্মল কুমার রাউত বলেন, “বিষয়টি সভাধিপতিকে জানানো হয়েছে। বড় প্রকল্প তাই দেরি হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *